EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

কাদার নিচে লাশের সারি, নেপালে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৪৬৯

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:১৮ এএম

কাদার নিচে লাশের সারি, নেপালে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৪৬৯

ছবি: সংগৃহীত

অ অ

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়েই চলেছে। কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৪৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তালিকায় রয়েছেন প্রায় ১ হাজার ৫০০ মানুষ। তাদের মধ্যে কয়েকশ বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে নেপাল পুলিশের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। এর আগে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা ছিল ৪০০। কয়েক ঘণ্টার ব্যবধানেই আরও ৬৯টি মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন করে বন্যা হলে ঝুঁকিতে পড়তে পারেন—এমন মানুষদেরও নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার কাজ চলছে।


বুধবার সকালে হঠাৎ করে রাসুয়া জেলার দিকে ভয়াবহ ঢল নেমে আসে। এতে ত্রিশূলী ও নারায়ণী নদীর পানি দ্রুত বাড়তে থাকে। একই সঙ্গে ভোটেকোশী নদীর পানিও ফুলেফেঁপে ওঠে। পাহাড় থেকে নেমে আসা পানির সঙ্গে যুক্ত হয় ভূমিধসের কাদা ও পাথর। প্রবল স্রোতে মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

বন্যার পানির তোড়ে ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো ভেসে গেছে বা ধ্বংস হয়েছে। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


এদিকে নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন। এর আগে তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল চীনা কর্তৃপক্ষ।

ধ্বংসস্তূপ ও কাদার নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযান যত এগোবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এএফপি

আরও পড়ুন