কুয়েতে ভিসার বিশেষ সুবিধা বাতিল, নতুন নিয়ম কার্যকর
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: সংগৃহীত
আগামী ১ সেপ্টেম্বর থেকে কুয়েতে ভিজিট ভিসার মেয়াদ এবং দেশটির বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্র স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর বিশেষ সুবিধা বাতিল হচ্ছে। ওই দিন থেকে ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নিয়ম কার্যকর হবে।
শনিবার (২২ আগস্ট) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে থাকা বিভিন্ন শ্রেণির ভিজিট ভিসাধারীদের জন্য ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় থাকার সুযোগ দেওয়া হয়েছিল। একইভাবে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদও সাময়িকভাবে তিন মাস বাড়ানোর সুবিধা দেওয়া হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই দুই বিশেষ সুবিধা আর কার্যকর থাকবে না।
এ বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগে নানা সমস্যা দেখা দেয়। এতে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে পারেননি। একই কারণে ছুটিতে থাকা অনেক প্রবাসীও সময়মতো কুয়েতে ফিরতে পারেননি।
এ অবস্থায় অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের ঝুঁকি কমাতে কুয়েত সরকার নির্দিষ্ট কিছু ভিজিট ভিসা এবং বিদেশে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর ব্যবস্থা চালু করেছিল।
তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার ওই বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।
সূত্র: গালফ নিউজ