সিরিয়ায় ইসরায়েলের হামলা, নেতানিয়াহুকে তুরস্কের কড়া হুঁশিয়ারি ‘ফাঁদে পা দেব না’
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৫৭ এএম
ছবি: সংগৃহীত
সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন করে সামনে এসেছে। তুরস্কের অভিযোগ, এই হামলার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। তবে এমন কোনো ‘ফাঁদে’ তুরস্ক পা দেবে না বলে জানিয়েছে আঙ্কারা।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর বলেছে, ‘নেতানিয়াহুর মতো ব্যক্তির ফাঁদে পা না দেওয়ার জন্য আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। নেতানিয়াহুর লক্ষ্য হলো আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।’
গত সপ্তাহে সিরিয়ার ইদলিবে অবস্থিত আবু-জুহুর বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। ওই ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে—এমন দাবি করে ইসরায়েল। তবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়েই এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ইসরায়েলি হামলায় বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের দাবি, হামলার কয়েক ঘণ্টা আগে সেখানে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল গিয়েছিল। তবে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিনিধি দলটি ঘাঁটির পুনর্গঠনের সম্ভাবনা পর্যালোচনা করতে সেখানে গিয়েছিল।
সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থাও জানিয়েছে, তুরস্কের প্রতিনিধি দলটি বিমানঘাঁটির পুনর্গঠনসংক্রান্ত বিষয় পরিদর্শন করেছিল।
অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, তুরস্কের সেনারা ওই ঘাঁটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। ইসরায়েলি আর্মি রেডিওকে তিনি বলেন, ‘তুরস্কের সামরিক বাহিনী উত্তরাঞ্চলের দিকে আসবে, আমরা এটি মানব না। কারণ এটি আমাদের জন্য হুমকি।’
তবে আঙ্কারা বলছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার পরিবেশ তৈরি করা হচ্ছে। তুরস্ক স্পষ্ট করে জানিয়েছে, কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে তারা নিজেদের অবস্থান ধরে রাখবে।
সিরিয়াকে ঘিরে তুরস্ক ও ইসরায়েলের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
সূত্র: দ্য নিউ আরব