EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান, সেনা প্রত্যাহারে নেতানিয়াহুর ‘না’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম

ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান, সেনা প্রত্যাহারে নেতানিয়াহুর ‘না’
অ অ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসিত গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসকে ‘সত্যিকার অর্থে’ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের শেষ দিকে হামাস যে ১৫ দফা নথিতে সম্মতি দিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু এ কথা জানান।

নেতানিয়াহু বলেন, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে কোনো ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। একই সঙ্গে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন তৎপরতাও ঠেকানো হবে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির সর্বশেষ ধাপ হিসেবে ওই ১৫ দফা নথি সামনে আসে। যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান কমেছে। তবে তা পুরোপুরি বন্ধ হয়নি।

পরিকল্পনায় বলা হয়েছিল, হামাস তাদের অস্ত্র একটি নবগঠিত ফিলিস্তিনি শাসক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। এর সঙ্গে সমন্বয় করে ইসরায়েলও গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে।

তবে এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটি হামাসের অস্ত্রভাণ্ডার ধ্বংসেরও দাবি জানাচ্ছে।

নেতানিয়াহু বলেন, পরিকল্পনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে ইসরায়েলের আপত্তিগুলোও ওয়াশিংটনকে জানানো হয়েছে।

তিনি বলেন, পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু ধারণা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য। আবার কিছু ধারণা গ্রহণযোগ্য নয়। নিজেদের অবস্থানে কীভাবে অটল থাকতে হয়, সেটিও ইসরায়েল জানে বলে মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহু আরও বলেন, হামাসকে সব অস্ত্র ত্যাগ করতে হবে। তবে ‘বোর্ড অব পিস’-এর সদস্যরা মনে করেন, হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার লক্ষ্য বাস্তবে অর্জন করা কঠিন।

নেতানিয়াহু অবশ্য বলেন, ইসরায়েল ‘প্রকৃত নিরস্ত্রীকরণ’-এর কথা বলছে। তাঁর ভাষায়, এটি কোনো ‘কাল্পনিক নিরস্ত্রীকরণ’ নয়।

আরও পড়ুন