নতুন ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম
ভিসা দেওয়ার ব্যাপারে নতুন নিষেধাজ্ঞা সামনে এনেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায় বলা হয়েছে, ইহুদিবিদ্বেষ ছড়ানো, ঘৃণা বা সহিংসতায় উসকানি দেওয়া বিদেশি নাগরিকদের ভিসা দেবে না দেশটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারে নতুন এই কঠোর ভিসানীতির ঘোষণা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসন ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।
এক ভিডিও বার্তায় রুবিও বলেন, ‘যারা ইহুদিবিদ্বেষ ছড়ায় বা সহিংসতাকে উৎসাহিত করে, তাদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ থাকবে।’
তার বক্তব্যের পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে দাবি করা হয়, "ইসরায়েলের সমালোচনা করলে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না"—এমন মন্তব্য করেছেন মার্কো রুবিও। এই পোস্টের পর ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং জাতীয় নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার সীমা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
আরেক এক্স ব্যবহারকারী জেমস লি দাবি করেন, "মার্কো রুবিও বলেছেন, আপনি যদি ইসরাইলের সমালোচনা করেন, তাহলে যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না।" একই সঙ্গে তিনি মন্তব্য করেন, "যুক্তরাষ্ট্রের সমালোচনা করলে কী হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।"
এসব পোস্টের পর তার বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে, ইসরায়েলের সমালোচনা করলেই কি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হবে। তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, নীতিটি মূলত ঘৃণামূলক বক্তব্য, ইহুদিবিদ্বেষ এবং সহিংসতায় উসকানিমূলক কর্মকাণ্ডকে লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে।
রুবিওর দাবি, ইসরাইলবিরোধী কিছু উগ্র বক্তব্য সন্ত্রাসী সংগঠনগুলোর প্রচারণার সঙ্গে মিল রয়েছে। এ কারণে ইসরাইলকে ঘিরে বিদ্বেষমূলক প্রচারণায় আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের ভূমিকা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ওয়াশিংটন।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো ‘আব্রাহাম চুক্তি’ সম্প্রসারণের মাধ্যমে অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার আশা করছে। তার মতে, আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর আগে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও দর্শনার্থীদের ক্ষেত্রে ইহুদিবিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায়। নতুন ঘোষণাকে সেই নীতিরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস