EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ওয়াশিংটনের দাবানলে পুড়ল ৭০০-এর বেশি স্থাপনা

আগুনে পুড়েছে ৭ হাজার একর এলাকা, নিরাপদ স্থানে সরানো হয়েছে প্রায় ৬৫ হাজার মানুষ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩১ এএম

ওয়াশিংটনের দাবানলে পুড়ল ৭০০-এর বেশি স্থাপনা

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। আগুনে ৭০০টির বেশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে স্পোকেন অঞ্চল থেকে প্রায় ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুষ্ক আবহাওয়া ও প্রবল দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। স্পোকেন ও আশপাশের এলাকায় প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা আগুনে পুড়ে গেছে। বর্তমানে ওল্ড ট্রেইলস, ফেয়ারভিউ এবং মেডোভিউ—এই তিনটি বড় দাবানল এখনো সক্রিয় রয়েছে।

দাবানলের কারণে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় ভিডিওতে দেখা গেছে, একাধিক ভবন আগুনে জ্বলছে, আবাসিক এলাকাজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং অনেক বাড়ি সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও টানা দশম দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে বুলডোজার ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। সেখানে প্রায় ৫২৫ বর্গমাইল (প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার) তৃণভূমি পুড়ে গেছে। ৭০০টির বেশি বাড়ি এবং আরও প্রায় ৮০০টি স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে।

মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং আগামী কয়েক দিন আরও কঠিন হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি একাধিক অঙ্গরাজ্যে দাবানলের উচ্চ ঝুঁকি ও তীব্র তাপপ্রবাহের সতর্কতাও বহাল রয়েছে। কর্মকর্তাদের ধারণা, বজ্রপাত থেকেই কয়েকটি দাবানলের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন