ভিসা বাতিলে ক্ষতিগ্রস্তদের তথ্য চাইল আবুধাবি দূতাবাস
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্প্রতি ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ শুরু করেছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে ভুক্তভোগীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাঠানোর আহ্বান জানিয়েছে দূতাবাস।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মাধ্যমে কিছু বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিলের খবর দূতাবাসের নজরে এসেছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরির উদ্দেশ্যে ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
দূতাবাস ভুক্তভোগী বাংলাদেশিদের নাম, পাসপোর্টের তথ্য, ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য দ্রুত দূতাবাসের সরকারি ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানিয়েছে।
তথ্য পাঠানোর জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো [email protected]।
দূতাবাস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।