দাবানলে বিপর্যস্ত স্পেন, জরুরি অবস্থা ঘোষণা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:০৯ এএম
ছবি: সংগৃহীত
ফ্রান্সের পর এবার ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেন। রাজধানী মাদ্রিদের আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন দ্রুত ভয়াবহ রূপ নেওয়ায় দেশটির ইতিহাসে প্রথমবারের মতো শুধু দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।
শুক্রবার (২৪ জুলাই) মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশে এ জরুরি অবস্থা জারি করা হয়। দাবানল নিয়ন্ত্রণে হাজার হাজার দমকলকর্মী কাজ করলেও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
স্পেন সরকারের বরাত দিয়ে জার্মান গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রথমে সান মার্তিন ও ভিয়া দেল প্রাদো এলাকায় পৃথকভাবে আগুনের সূত্রপাত হয়। পরে সেগুলো একত্রিত হয়ে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে ভয়াবহ দাবানলে পরিণত হয়। বর্তমানে আগুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে।
দাবানলের কারণে রাজধানী মাদ্রিদ ও আশপাশের এলাকা থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে জায়গার সংকট দেখা দেওয়ায় অনেককে স্থানীয় স্কুল ও জিমনেশিয়ামের মেঝেতে রাত কাটাতে হচ্ছে।
মাদ্রিদে বসবাসরত কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন, দাবানলের প্রভাবে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে বাংলাদেশিদের পরিচালিত অনেক রেস্টুরেন্টে ব্যবসা প্রায় বন্ধের উপক্রম হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে জানান, ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন ব্যবস্থার আওতায় চারটি অগ্নিনির্বাপণ বিমান চাওয়া হয়েছে। এরই মধ্যে গ্রিস দুটি বিমান পাঠাতে সম্মতি দিয়েছে।
স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা বলেন, প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবু শত শত দমকলকর্মী ও উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
তিনি আরও বলেন, জরুরি অবস্থা ঘোষণার ফলে আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল, অর্থ ও সরঞ্জাম ব্যবহার করা হবে। পাশাপাশি স্পেনের সামরিক বাহিনীর দুর্যোগ মোকাবিলা ইউনিট (ইউএমই) উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম আরও জোরদার করবে।