সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে সৌদি আরব বেসামরিক পারমাণবিক কর্মসূচির আওতায় নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে।
চুক্তিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, খুব শিগগিরই এটি প্রকাশ করা হতে পারে। চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩০ বছর।
প্রাথমিকভাবে এর আর্থিক মূল্য ধরা হয়েছে কয়েক হাজার কোটি ডলার। চুক্তির মূল লক্ষ্য হলো সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো নির্মাণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা। এর ফলে অন্যান্য বিদেশি কোম্পানির অংশগ্রহণ সীমিত হতে পারে।
প্রতিবেদন আরও বলছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সমীক্ষার ভিত্তিতে দেশটিতে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হতে পারে।
বিশ্লেষকদের মতে, চুক্তিটি সৌদি আরবের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য। এর মাধ্যমে দেশটি উন্নত পারমাণবিক প্রযুক্তির সুযোগ পাবে। একই সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্যও এটি বড় ব্যবসায়িক সুযোগ তৈরি করবে।
তবে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নতুন করে নিরাপত্তা উদ্বেগ ও আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।