EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৩৬ এএম

ইসলামাবাদে শাহবাজ শরিফের সঙ্গে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। সফরের শুরুতেই তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তার সরকারি বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

বুধবার (২২ জুলাই) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

সফরের অংশ হিসেবে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) পরিদর্শন করেন। সেখানে তিনি পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস ও চিফ অব দ্য আর্মি স্টাফ ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, সফরের শুরুতে মোমেনি ইসলামাবাদ পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কুচকাওয়াজে অংশ নেন। তিনি পাকিস্তান পুলিশ বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সেরা কর্মদক্ষতার জন্য কয়েকজন কর্মকর্তার হাতে সম্মাননা তুলে দেন। এ সময় ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি পাকিস্তান মনুমেন্টও পরিদর্শন করেন।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালানোর পর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায়।

এর আগে সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে নতুন করে হামলা ও উত্তেজনার কারণে সেই শান্তি প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: ডন

আরও পড়ুন