লেবাননের প্রেসিডেন্টের অনুরোধে হিজবুল্লাহর সঙ্গেও আলোচনার ইঙ্গিত ট্রাম্পের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৩০ পিএম
ছবি: সংগৃহীত
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অনুরোধ জানালে মার্কিন প্রশাসন সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প জানান, কূটনৈতিক অগ্রগতির জন্য অন্যান্য পক্ষগুলো যাদের সঙ্গে আলোচনা এড়িয়ে চলে, তাদের সঙ্গেও কথা বলতে তাঁর কোনো আপত্তি নেই।
ট্রাম্প বলেন, আমি হিজবুল্লাহর সঙ্গে কথা বলব। আমি সবার সঙ্গেই আলোচনায় বিশ্বাস করি। যাদের সঙ্গে কথা বলা উচিত নয় বলে অনেকে মনে করেন, আমি তাদের সঙ্গেও কথা বলি এবং শেষ পর্যন্ত দেখা যায় সব সমাধান হয়ে গেছে।
লেবাননের প্রেসিডেন্টের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, প্রেসিডেন্ট জোসেফ আউন যদি চান আমি হিজবুল্লাহর সঙ্গে কথা বলি, তবে আমি তা করব। আপনারা জানেন, তিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর সঙ্গে একই দেশে বসবাস করছেন এবং বাস্তব পরিস্থিতি বোঝেন। তাই তিনি অনুরোধ করলে আমি অবশ্যই আলোচনায় প্রস্তুত।
দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণাঙ্গ প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, বর্তমানে ইসরায়েলি সেনাদের পুনরায় মোতায়েনের প্রক্রিয়া চলছে।
তিনি উল্লেখ করেন, ইসরায়েলি বাহিনীকে অন্যান্য অঞ্চলে স্থানান্তরিত করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, তাদের মধ্যে এখন বেশ ভালো একটি যোগাযোগ ও সম্পর্ক তৈরি হয়েছে। লেবানন ও ইসরায়েল একটি চমৎকার চুক্তিতে স্বাক্ষর করেছে এবং সেনাসংখ্যা কমিয়ে তাদের পুনর্বিন্যাস করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে যুদ্ধ ও রাজনৈতিক সংকটে জর্জরিত লেবাননের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, দেশটি অনেক অন্যায় ও অবিচারের শিকার হয়েছে এবং এখন তাদের প্রাপ্য সম্মান পাওয়া উচিত।
লেবানন এমন একটি দেশ যার সঙ্গে অতীতে খুবই খারাপ আচরণ করা হয়েছে। আমরা নিশ্চিত করব যাতে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে তার যথাযথ সম্মান ও ন্যায্য অধিকার পায়, যোগ করেন ট্রাম্প। সূত্র- আনাদুলু