ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এখনও হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।
শনিবার (১১ জুলাই) দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সরকারের সর্বশেষ তথ্য তুলে ধরে এ হতাহতের সংখ্যা জানান।
সরকারি তথ্য অনুযায়ী, দুর্যোগের পর থেকে ৮৬ হাজার ৭৯৪টি ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত রয়েছে।
এ পর্যন্ত ধ্বংসস্তূপ ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
দুর্গতদের জন্য ৯৪টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে ১৮ হাজার ৪৩৭ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া ১৭ হাজার ৯০৭ জন এখনও স্থায়ী বাসস্থানের বাইরে রয়েছেন।
সরকারি ও আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে ত্রাণ কার্যক্রম চলছে। এ পর্যন্ত ৯ হাজার ৭৬৬ মেট্রিক টন খাদ্য এবং ১৬ দশমিক ৬ মিলিয়ন লিটারের বেশি বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। অস্থায়ী ক্যাম্প ও হাসপাতালগুলোতে ৩১ হাজার ১৯৩ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
ত্রাণ ও উদ্ধারকাজে ৩১ হাজার ৮৩৭ জন সরকারি কর্মী, ৩০ হাজার ১৯৭ জন স্বেচ্ছাসেবক এবং ২ হাজার ৪২২ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন।
উল্লেখ্য, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উত্তর-মধ্যাঞ্চল, বিশেষ করে লা গুয়াইরা ও রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি