EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:০১ এএম

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির কয়েক সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। দুইটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জুলাই) রাতে হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজ দুটিতে হামলা হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

হামলায় জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এ ঘটনায় আন্তর্জাতিক তেলবাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ব্রিটেনের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, ওমানের লিমা উপকূল থেকে আট নটিক্যাল মাইল পূর্বে একটি তেলবাহী ট্যাংকারের বাঁ পাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরিবেশগত বড় ধরনের ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পশ্চিমা সূত্রগুলো ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দিকে সন্দেহের আঙুল তুলছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি সমঝোতা হয়েছিল। কিন্তু সর্বশেষ হামলায় সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

ইরানের সামরিক কর্তৃপক্ষ এর আগে সতর্ক করে বলেছিল, নির্ধারিত সামুদ্রিক করিডর অনুসরণ না করলে জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ ও কর আরোপের ইচ্ছার কথাও জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলো এ প্রস্তাবের বিরোধিতা করছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ, অর্থাৎ প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ জলপথে যেকোনো নিরাপত্তা সংকট বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।

[সূত্র: অ্যাক্সিওস, রয়টার্স]

আরও পড়ুন