৫৯ দেশে মানবপাচারবিরোধী অভিযান, গ্রেপ্তার এক হাজারের বেশি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম
ছবি: সংগৃহীত
বিশ্বের ৫৯টি দেশে পরিচালিত সমন্বিত মানবপাচারবিরোধী অভিযানে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন গ্লোবাল চেইন’-এ মানবপাচার, যৌন শোষণ, জোরপূর্বক শ্রম, অপরাধমূলক কাজে বাধ্য করা এবং ভিক্ষাবৃত্তিতে সম্পৃক্ত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।
ইন্টারপোল জানিয়েছে, অভিযানে মোট ২ হাজার ৭০ জন ভুক্তভোগী বা সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে। তাদের বেশিরভাগই নারী। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩৩৪ জন মানবপাচারের অভিযোগে এবং ৬৯০ জন সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে অভিযুক্ত।
অভিযানে কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা চক্রে মানুষ পাচারকারী একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং ইউরোপে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন শোষণে বাধ্য করা একটি চক্র ভেঙে দেওয়া হয়েছে।
ইন্টারপোল, ইউরোপোল ও ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের যৌথ তদন্তে মানবপাচারের নতুন রুট ও কৌশলের তথ্যও উঠে এসেছে। তদন্তে দেখা গেছে, ইউরোপে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করতে লাতিন আমেরিকার নাগরিকদের পাচারের প্রবণতা বেড়েছে। শনাক্ত ভুক্তভোগীদের প্রায় ১০ শতাংশই আমেরিকা অঞ্চলের অপ্রাপ্তবয়স্ক, যারা যৌন নির্যাতনের শিকার।
ব্রাজিলে ৪০৬ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩২৩ জন বিদেশি নাগরিক। অভিযোগ রয়েছে, একটি আন্তঃদেশীয় চক্র তাদের কম্বোডিয়ায় পাচার করে অনলাইন প্রতারণায় বাধ্য করেছিল। বেলজিয়ামে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভুক্তভোগীদের ফাঁদে ফেলে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর্জেন্টিনায় উদ্ধার করা হয়েছে বলিভিয়ার দুই শিশুকে, যাদের জোর করে একটি মুদি দোকানে কাজ করানো হচ্ছিল।
গত ৮ থেকে ১২ জুন পরিচালিত এ অভিযানে আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের প্রায় ৪০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নেন। অভিযানের ভিত্তিতে ৪৬৫টি নতুন তদন্ত শুরু হয়েছে এবং আরও ২০১ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে।
ইন্টারপোলের মহাসচিব ভালদেসি উরকিজা বলেন, মানবপাচার এখনো বিশ্বের সবচেয়ে লাভজনক সংগঠিত অপরাধগুলোর একটি। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে দেশগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। [সূত্র: বিবিসি]