EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: সিসি

১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরকারী প্রথম আরব রাষ্ট্র ছিল মিসর

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম

ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: সিসি
অ অ

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এক ভাষণে তিনি বলেন, দখলদারত্বের অবসান, অন্যায় ও আগ্রাসনের সমাপ্তি, প্রকৃত ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করে ন্যায্য শান্তি প্রতিষ্ঠিত না হলে স্থায়ী শান্তি, প্রকৃত স্থিতিশীলতা কিংবা জনগণের পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়।

আল-সিসি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের স্থায়ী সমাধান নিহিত রয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি সর্বাত্মক শান্তি চুক্তিতে। তার মতে, ন্যায্য শান্তি প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের মানুষ স্থিতিশীলতা ও সমৃদ্ধির মধ্যে বসবাসের সুযোগ পাবে।

১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরকারী প্রথম আরব রাষ্ট্র ছিল মিসর। সেই প্রসঙ্গও তুলে ধরেন দেশটির প্রেসিডেন্ট।

এছাড়া ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান আল-সিসি। তিনি উল্লেখ করেন, ওই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা।

আরও পড়ুন