প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম
চলতি বছরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা নীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। প্রবাসী নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধার পরিধি বাড়ানো থেকে শুরু করে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা অনুমোদনের মতো ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ ছাড়া বিনিয়োগকারীদের আবাসিক ভিসার নিয়ম সংশোধনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে দেশটির অভিবাসন ব্যবস্থায়।
শনিবার (৪ জুলাই) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন ভিসা নীতির প্রধান ৬টি পরিবর্তন নিচে তুলে ধরা হলো:
১. অন-অ্যারাইভাল ভিসার পরিধি বৃদ্ধি
আমিরাতের ফেডারেল অথরিটি আরও ছয়টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে। এর ফলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকেরা ১৪ দিন ও ৬০ দিনের ভিসা ক্যাটাগরিতে সহজে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। আগে এই বিশেষ সুবিধাটি শুধু নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল।
২. ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা
দুবাই ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্য সুখবর এনেছে দেশটির প্রশাসন। এখন থেকে অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিন মেয়াদের ‘একক প্রবেশযোগ্য’ পর্যটক ভিসা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন করা হবে।
৩. বিনিয়োগকারীদের ভিসার শর্ত শিথিল
স্থাবর সম্পত্তির ভিত্তিতে দেওয়া দুই বছরের আবাসিক ভিসার শর্তে পরিবর্তন এনেছে দুবাই কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, একক মালিকানার ক্ষেত্রে আগে যে ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার বাধ্যবাধকতা ছিল, তা পুরোপুরি বাতিল করা হয়েছে। তবে শর্ত থাকে যে, আবেদনকারীকে অবশ্যই উক্ত সম্পত্তির একক মালিক হতে হবে। আর সম্পত্তির অংশীদার বা একাধিক মালিক থাকলে, প্রতি বিনিয়োগকারীর ভাগের অংশ অবশ্যই কমপক্ষে ৪ লাখ দিরহাম মূল্যের হতে হবে।
৪. জরিমানা ছাড়াই ৩০ দিনের অতিরিক্ত সুযোগ
আঞ্চলিক আকাশসীমা বন্ধ ও বিমান চলাচলে বিঘ্ন ঘটার কারণে যেসব দর্শনার্থী বাধ্য হয়ে অতিরিক্ত সময় আমিরাতে অবস্থান করছিলেন, তাঁদের জরিমানায় সাময়িক ছাড় দেওয়া হয়েছে। বিনা জরিমানায় আরও ৩০ দিন অবস্থানের সুযোগ দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ পরিস্থিতির অবসান হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে ভিসার মেয়াদ নিয়মিত করতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে।
৫. আসছে ‘স্মার্ট মেডিকেল ভিসা’
চিকিৎসার উদ্দেশ্যে আমিরাতে আসা বিদেশি রোগীদের জন্য একটি সমন্বিত ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে রোগীদের আসার আগের প্রস্তুতি থেকে শুরু করে চিকিৎসা ও পরবর্তী ফলো-আপের পুরো প্রক্রিয়া একটি ডিজিটাল সেবার আওতায় আসবে।
৬. তিন দেশের নাগরিকদের নতুন ভিসা স্থগিত
আফ্রিকার দেশগুলোতে ইবোলা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) জানিয়েছে, গত ৬ জুন থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত আন্তর্জাতিক স্বাস্থ্য পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তীতে পুনর্বিবেচনা করা হতে পারে।