খামেনিকে শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৪০ এএম
যুদ্ধ শুরুর পর প্রথমবার জনসমক্ষে এলেন আইআরজিসি প্রধান আহমাদ ভাহিদি। তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির শোকানুষ্ঠানে অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান তিনি। ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে জনসমক্ষে এসেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান জেনারেল আহমাদ ভাহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথম তাকে প্রকাশ্যে দেখা গেল।
সিএনএনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তেহরানে খামেনির মরদেহের পাশে আয়োজিত বিশেষ শোকানুষ্ঠানে উপস্থিত হন ভাহিদি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কফিনের পাশে বসে তিনি খামেনিকে শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এসেছেন এবং একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ ছাড়া খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতি নিয়ে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফসহ শীর্ষ কর্মকর্তাদের বৈঠকেও অংশ নেন আইআরজিসি প্রধান।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তৎকালীন আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর বাহিনীর নেতৃত্বের দায়িত্ব পান আহমাদ ভাহিদি।
দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় জনসমক্ষে না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে খামেনিকে শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এসে সেই গুঞ্জনের অবসান ঘটালেন তিনি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি বা স্থায়ী সমঝোতা নিয়ে ইরানের কঠোর অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভাহিদি। এছাড়া তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলোচনায় থাকা আয়াতুল্লাহ মোজতবা খামেনির ঘনিষ্ঠ একটি ছোট দলের সদস্য বলেও ধারণা করা হচ্ছে।
[সূত্র: সিএনএন]