কিয়েভে রুশ হামলায় নিহত ১৩
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) দিবাগত রাতে প্রায় ১১ ঘণ্টা ধরে চালানো এই হামলায় কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন, অবকাঠামো ও একটি অ্যাম্বুল্যান্স সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় কয়েকজন স্বাস্থ্যকর্মীও আহত হয়েছেন।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানান, বেশ কয়েকটি আবাসিক ভবনে সরাসরি আঘাত হানা হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে। শহরের অন্তত ৩০টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
হামলার পর প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ধসে পড়া ভবনে আগুন জ্বলছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কিয়েভসহ দিনিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা, চেরকাসি ও চেরনিহিভ অঞ্চলের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু নিন্দা জানিয়ে নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে রাশিয়ার হামলা বন্ধে উদ্যোগ নিতে হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভবাসীকে সতর্ক থাকতে এবং বিমান হামলার সাইরেন শুনলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীতে ভয়াবহ হামলা চালায় রাশিয়া।