ভারত-পাকিস্তান বৈরিতা বন্ধে মোদি-শাহবাজকে ১১৭ বিশিষ্ট ব্যক্তির আহ্বান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম
ভারত ও পাকিস্তানের ১১৭ জন বিশিষ্ট ব্যক্তি দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফের কাছে শান্তি, সংলাপ এবং স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর এক বছর পর এই যৌথ আবেদন জানানো হয়েছে। ‘সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেস’-এর উদ্যোগে দেওয়া এই চিঠিতে সই করেছেন ভারতের ৬১ জন ও পাকিস্তানের ৫৬ জন বিশিষ্ট ব্যক্তি।
চিঠিতে তারা বলেছেন, দীর্ঘদিনের বৈরিতা দুই দেশের লাখো তরুণের ভবিষ্যৎ, সুযোগ ও সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতির অবসান প্রয়োজন।
ভারতের স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ফারুক আবদুল্লাহ, মিরওয়াইজ উমর ফারুক, মেহবুবা মুফতি, মনোজ ঝা এবং হুমায়ুন কবির। পাকিস্তানের তালিকায় রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি, সাবেক কূটনীতিক আশরাফ জাহাঙ্গীর কাজি, জাতীয় পরিষদের সদস্য ইসফানিয়ার ভান্ডারা এবং লেখক ও পরমাণু পদার্থবিদ পারভেজ হুদভয়।
চিঠিতে দুই দেশের মধ্যে আস্থা তৈরির উদ্যোগগুলো আবার চালুর কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন, নয়াদিল্লি ও ইসলামাবাদে হাইকমিশনার নিয়োগ, স্বাভাবিক ভিসা সেবা চালু এবং বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশপথ খুলে দেওয়া।
এ ছাড়া আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে বাণিজ্য ও যাতায়াত পুনরায় শুরু, শ্রীনগর-মুজাফফরাবাদ বাসসেবা চালু এবং সীমান্ত–সংযোগ প্রকল্পগুলো সচল করার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানে বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ মানুষের বাস। দুই দেশের বড় অংশের জনগোষ্ঠী তরুণ। তাদের ভবিষ্যৎ স্থায়ী অবিশ্বাস ও সংঘাতের বদলে শান্তি, উন্নয়ন ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা উচিত।
স্বাক্ষরকারীরা জম্মু ও কাশ্মীরসহ অমীমাংসিত বিষয়গুলোতে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সংলাপ শুরুর কথাও বলেছেন। পাশাপাশি সামরিক উত্তেজনা কমানো এবং দুই দেশের নিরাপত্তাসংশ্লিষ্ট উদ্বেগ নিয়ে আলোচনার ওপর জোর দেওয়া হয়েছে।
তবে পাকিস্তান নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। নয়াদিল্লি বরাবরের মতো বলছে, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সীমান্তপারের সন্ত্রাসবাদ বন্ধ হওয়ার ওপরই সম্পর্ক উন্নয়নের বিষয়টি নির্ভর করবে।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রায় ২০০ কোটি মানুষের ভবিষ্যৎ সংঘাত ও বিভাজনের ঊর্ধ্বে রাখা প্রয়োজন। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ শান্তি, সমৃদ্ধি ও অভিন্ন অগ্রগতির ভিত্তিতে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাক্ষরকারীরা।