EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৭১৯

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:২২ এএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৭১৯

ছবি: সংগৃহীত

অ অ

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পাঁচ দিন পরও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজ চলার মধ্যেই বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে ১ হাজার ৭১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

গত ২৪ জুন আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া ১২ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত না হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘের তত্ত্বাবধানে ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি।

ভেনেজুয়েলা সরকার ও জাতিসংঘ যৌথভাবে ১০ হাজার মৃতদেহ রাখার ব্যাগ (বডি ব্যাগ) সংগ্রহের উদ্যোগ নিয়েছে। জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী জিয়ানলুকা রামপোলা জানান, রোববার ধ্বংসস্তূপ থেকে আরও সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বর্তমানে ২৭টি দেশের ২ হাজারের বেশি উদ্ধারকর্মী এবং ১৬০টির বেশি অনুসন্ধানী কুকুর ৪০টি দলে ভাগ হয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দেশের সাতটি রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে লা গুয়াইরা রাজ্য এবং রাজধানী কারাকাসের ডিস্ট্রিটো ক্যাপিটাল এলাকায়। সেখানে প্রায় ২ হাজার ৫০০টি ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বড় একটি অংশ সম্পূর্ণ ধসে পড়েছে।

জিয়ানলুকা রামপোলা বলেন, "আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছি।"

উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে কারণ মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত প্রায় ৫০০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোরে ৫ দশমিক ২ মাত্রার একটি পরবর্তী কম্পন অনুভূত হয়। পাশাপাশি দুর্গত এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ধসে পড়া ভবনগুলোতে উদ্ধার অভিযান আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন