চলতি সপ্তাহে হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্রের কারিগরি বৈঠক: তেহরানের স্পষ্ট বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:২২ পিএম
ইরান-যুক্তরাষ্ট্রের কারিগরি বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে কোনো কারিগরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। এ ধরনের বৈঠক নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, কাতারে মার্কিন ‘কারিগরি দল’-এর কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠক করার কোনো পরিকল্পনা বর্তমানে নেই।
তিনি জানান, বিভিন্ন বিষয়ে কাতারের সঙ্গে এবং মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে। তবে দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের ওয়ার্কিং গ্রুপগুলোর কারিগরি আলোচনা শুরু হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তার কোনো সত্যতা নেই।
গরিবাবাদি বলেন, নির্ধারিত কাঠামোর আওতায় কারিগরি আলোচনার প্রথম দফা তখনই অনুষ্ঠিত হবে, যখন প্রয়োজনীয় শর্ত পূরণ হবে এবং উভয় পক্ষ বৈঠকের সময়, স্থান ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে।
এর আগে আল জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় কারিগরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যের পর সেই সম্ভাবনা আপাতত নাকচ হয়ে গেল।
বিশ্লেষকদের মতে, মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকলেও আনুষ্ঠানিক কারিগরি আলোচনা শুরু করতে এখনও বেশ কিছু কূটনৈতিক বিষয় নিষ্পত্তি প্রয়োজন।
সূত্র: মেহের নিউজ, আল জাজিরা।