EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:২০ এএম

যুক্তরাষ্ট্রে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি স্কাইডাইভিং মিশনে ব্যবহৃত বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ মোট ১২ জন নিহত হয়েছেন। রবিবার (১৪ জুন) স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেটস কাউন্টি ইমারজেন্সি ম্যানেজমেন্টের এক মুখপাত্র জানান, একটি স্কাইডাইভিং কোম্পানি ভাড়া নেওয়া ছোট আকারের বিমানটি উড্ডয়নের পর পর্যাপ্ত উচ্চতায় পৌঁছাতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই এটি হঠাৎ বাম দিকে তীব্রভাবে ঘুরে গিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছেই বিধ্বস্ত হয়, যা রানওয়ে থেকে প্রায় ২০০ গজ দূরে অবস্থিত।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন।

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনাটি একটি ভয়াবহ প্রাণহানির দুর্ঘটনা হিসেবে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না, বরং স্কাইডাইভিং কার্যক্রমের জন্য ব্যবহৃত একটি ছোট বিমান।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের। দুর্ঘটনার সময় বিমানটিকে কোনো আকাশপথ নিয়ন্ত্রণ সেবার অধীনে রাখা ছিল না।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন