EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খবর নাকচ করল তেহরান

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৪২ পিএম

জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খবর নাকচ করল তেহরান

ছবি: সংগৃহীত

অ অ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগামী রবিবার সুইজারল্যান্ডের জেনেভায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে—এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। 

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য সমঝোতা নিয়ে এখনো অভ্যন্তরীণ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

শুক্রবার (১২ জুন) ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক বক্তব্যে দেশটির আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত চুক্তি চূড়ান্ত হওয়ার দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সূত্রটি জানায়, চুক্তি স্বাক্ষরের সম্ভাব্য তারিখ হিসেবে রবিবার এবং স্থান হিসেবে জেনেভার নাম উল্লেখ করার কোনো ভিত্তি নেই। ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখনো চলমান থাকায় এ ধরনের খবর সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হচ্ছে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানিয়েছেন, সম্ভাব্য ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বর্তমানে ‘অভ্যন্তরীণ চূড়ান্তকরণ’ পর্যায়ে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, সমঝোতা চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। সম্ভাব্য চুক্তির প্রতিটি ধারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরই চূড়ান্ত হবে।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা অর্জনের দাবি করেন এবং নতুন সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করার কথাও জানান। তবে ইরানের একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সমঝোতার খসড়া এখনো অনুমোদন পায়নি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে আলোচনা চললেও এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি।

আরও পড়ুন