ট্রাম্পের অনুরোধ উপেক্ষা, ইরানে পাল্টা হামলা ইসরায়েলের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার পর রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিও এসব শহরে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।
এর আগে গতকাল রবিবার বৈরুতে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইরানের হামলার পর পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইসরায়েলকে পাল্টা হামলা থেকে বিরত থাকার অনুরোধও করেন। তবে সেই আহ্বানে সাড়া না দিয়ে ইরানে সামরিক অভিযান চালায় ইসরায়েল।
সর্বশেষ হামলার ফলে অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতির ওপর আন্তর্জাতিক মহল গভীর নজর রাখছে।