ভাইরাল খ্যাতির পর ঈদের কোরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ
বিরল অ্যালবিনো মহিষটি কোরবানির জন্য নির্ধারিত ছিল, তবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চেহারার মিলে ভাইরাল হয়ে পড়ায় কর্তৃপক্ষ এটিকে রক্ষা করে
এনবিসি নিউজ
প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:১৭ এএম
ছবি: সংগৃহীত
চুলের অদ্ভুত মিলের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পরিচিত একটি বিরল অ্যালবিনো মহিষ এবার কোরবানির হাত থেকে রক্ষা পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাংলাদেশ সরকার শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে মহিষটিকে রক্ষা করে।
মহিষটির মাথায় সোনালি রঙের চুলের ঝুঁটি, যা অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চুলের স্টাইলের মতো— এই অদ্ভুত মিলই একে রাতারাতি ইন্টারনেট সেলিব্রিটিতে পরিণত করেছে। নারায়ণগঞ্জের কৃষক জিয়াউদ্দিন মৃধা মাস কয়েক আগে প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি কিনেছিলেন। তিনি জানান, ‘এটি শুধু একটি প্রতীকী নাম। আমরা ভালোবাসা ও আদর থেকে এই নাম দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাই চুলের সাদৃশ্য দেখে এই নামটি রেখেছিল। এরপর এটি ভাইরাল হয়ে যায় এবং অনেক মানুষ দেখতে আসতে শুরু করে।’
রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের এই খামারে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ মহিষটিকে এক নজর দেখতে ভিড় করেন। মৃধা জানান, মহিষটি স্বভাবে অত্যন্ত শান্ত এবং এটির বিশেষ যত্নের প্রয়োজন হয়— নিয়মিত গোসল করানো থেকে শুরু করে ঘন ঘন খাওয়ানো পর্যন্ত।
ঈদুল আযহার ধর্মীয় আচার অনুযায়ী মহিষটি কোরবানির জন্য নির্ধারিত ছিল। কিন্তু এটি ভাইরাল হয়ে পড়লে সরকার সক্রিয় হয়ে ওঠে। রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহিষটিকে কোরবানি না দেওয়ার নির্দেশ দেন। যে ক্রেতা এটি কিনেছিলেন তাকে অর্থ ফেরত দেওয়া হবে এবং মহিষটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘নিরাপত্তার কারণ এবং অস্বাভাবিক জনআগ্রহের কথা বিবেচনা করে শেষ মুহূর্তে মহিষটিকে কোরবানি থেকে রক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তবে এই মহিষই একমাত্র প্রাণী নয়, যার মধ্যে মানুষ ট্রাম্পের ছায়া খুঁজে পেয়েছেন। এর আগে চীনে একটি সোনালি ফিজ্যান্ট পাখি এবং ইংল্যান্ডে একটি ব্যাঙমাছের মধ্যেও অনেকে মার্কিন প্রেসিডেন্টের চেহারার মিল খুঁজে পেয়েছিলেন।
এখন ঢাকার জাতীয় চিড়িয়াখানায় নতুন আবাসে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি তার বিশেষ জীবন শুরু করতে যাচ্ছে, যেখানে দর্শনার্থীরা নিয়মিত তাকে দেখতে পারবেন।