গাজায় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি...
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি: সংগৃহীত
চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতির কারণে গাজার হাসপাতালগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২২ মে) জেনেভায় এক সংবাদ সম্মেলনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রাইনহিল্ড ভ্যান ডি উইরড বলেন, গাজার বেশিরভাগ হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র কেবল আংশিকভাবে সচল রয়েছে। কোনো হাসপাতালই পুরোপুরি কার্যকর নয়।
তিনি বলেন, ল্যাবরেটরি সরঞ্জাম ছাড়া রোগ নির্ণয় ও মহামারির প্রাদুর্ভাব শনাক্ত করা সম্ভব হচ্ছে না। অক্সিজেন কনসেন্ট্রেটরের অভাবে গুরুতর অসুস্থ রোগীরা মারা যাচ্ছেন।
ভ্যান ডি উইরড জানান, ইসরায়েল কিছু চিকিৎসা সামগ্রীকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ আখ্যা দিয়ে প্রবেশে বাধা দিচ্ছে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের তালিকা রয়েছে— এগুলো প্রবেশে কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা নিষেধাজ্ঞা থাকা উচিত নয়।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে জানান তিনি। যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত অন্তত ৮৮০ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। চলতি বছর গাজার স্বাস্থ্য খাতে ২২টি ইসরায়েলি হামলার ঘটনা নথিবদ্ধ করেছে সংস্থাটি।
এই সংঘাতে গাজায় ৪৩ হাজারেরও বেশি মানুষ স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হয়েছেন, যাদের মধ্যে ১০ হাজারই শিশু। তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও কৃত্রিম অঙ্গের প্রয়োজন হলেও সেগুলোও প্রবেশে বাধার মুখে পড়ছে বলে জানান ভ্যান ডি উইরড। তিনি বলেন, গাজায় যা পাঠানো সম্ভব হচ্ছে তা প্রয়োজনের তুলনায় সমুদ্রের এক ফোঁটা পানির মতো।