EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:০৯ পিএম

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান
অ অ

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ড এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ পরিচালনা করে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্র উন্নত এভিওনিকস ও আধুনিক নেভিগেশন প্রযুক্তিতে সজ্জিত। এটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে আইএসপিআর।

সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়, সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিভিন্ন সাবসিস্টেমের প্রযুক্তিগত কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্যে এই উৎক্ষেপণ পরিচালিত হয়েছে।

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় পাকিস্তান আর্মি রকেট ফোর্স কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্ষেপণাস্ত্র উন্নয়ন সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরসহ দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। তারা ক্ষেপণাস্ত্র উন্নয়নে জড়িত বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্টদের প্রযুক্তিগত দক্ষতা ও অবদানের প্রশংসা করেন।

উল্লেখ্য, এর মাত্র তিন সপ্তাহ আগেই পাকিস্তান সফলভাবে ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিল। এছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে ৭৫০ কিলোমিটার পাল্লার ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রের আরেকটি সফল পরীক্ষা সম্পন্ন করেছিল দেশটি।

আরও পড়ুন