EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নন্দীগ্রাম আসন ছাড়ছেন শুভেন্দু, থাকছেন ভবানীপুরেই

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:১৬ পিএম

নন্দীগ্রাম আসন ছাড়ছেন শুভেন্দু, থাকছেন ভবানীপুরেই
অ অ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১৩ মে) রাজ্য বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর তিনি জানান, দুই আসনে জয়ী হলেও তিনি তার পুরোনো কেন্দ্র ভবানীপুরেই বহাল থাকছেন। ফলে নন্দীগ্রাম আসনে এখন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী এক নজিরবিহীন লড়াইয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের দুর্গ ভবানীপুরে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। অন্যদিকে, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করকে ৯ হাজার ৬৬৫ ভোটে হারিয়ে নিজের আধিপত্য বজায় রাখেন। বিধানসভার নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী দুটি আসনে জয়ী হলে একটি আসন তাকে ছেড়ে দিতে হয়।

শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের শুভেন্দু বলেন, নন্দীগ্রাম থেকে অন্য কেউ এমপি নির্বাচিত হবেন ঠিকই, তবে আগামী পাঁচ বছর আমি সেখানকার মানুষকে আমার অভাব বুঝতে দেব না। নন্দীগ্রামের উন্নয়নের যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, তা অবশ্যই পূরণ করা হবে।

নিজের বক্তব্যের সপক্ষে ২০০৯ থেকে ২০১৬ সালের উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় ফিরোজা বিবি এমপি থাকলেও নেপথ্যে থেকে তিনিই এলাকার সব কাজ সামলেছেন। এবারও সেই একইভাবে নন্দীগ্রামের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী।

এদিকে, বিশ্বজুড়ে সংকটের জেরে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া কৃচ্ছ্রসাধন নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন শুভেন্দু। তিনি তার নিরাপত্তায় ব্যবহৃত গাড়ির বহর ছোট করার নির্দেশ দিয়েছেন। শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। তার পরামর্শ মেনে অপ্রয়োজনীয় সব যানবাহন বহর থেকে সরিয়ে ফেলার জন্য আমি ডিজিপি-কে নির্দেশ দিয়েছি।

আরও পড়ুন