EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আজ

দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:৪২ এএম

পশ্চিমবঙ্গের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আজ
অ অ

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘ ১৫ বছর পর তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে আজ শনিবার (৯ মে) রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেগা অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে কলকাতা।

বিজেপির এই জয় ও শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোনো কমতি রাখছে না দলটি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে রেড রোড, ধর্মতলা ও পার্ক স্ট্রিট পর্যন্ত পুরো এলাকা ছেয়ে গেছে দলীয় প্রচারণায়। শপথ অনুষ্ঠানের আওয়াজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পুরো এলাকায় বসানো হয়েছে প্রায় ৭০০ মাইক।

মাঠে কর্মরত এক বিদ্যুৎকর্মী জানান, ব্রিগেড থেকে ধর্মতলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিটি উঁচু ল্যাম্পপোস্টে মাইক লাগানো হচ্ছে, যাতে শপথ গ্রহণের প্রতিটি শব্দ ধর্মতলা চত্বরের সব জায়গা থেকে পরিষ্কার শোনা যায়।

শনিবারের এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ভারতের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন বিজেপি শাসিত ভারতের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এরই মধ্যে ব্রিগেডে বিশাল মঞ্চ ও প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে।

এদিকে নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত পশ্চিমবঙ্গ বিধানসভাও। বিধানসভা চত্বরে এখন চলছে শেষ মুহূর্তের ধোয়া-মোছা ও সংস্কারের ব্যস্ততা। পুরো ভবন নতুন করে রং করা হচ্ছে। অধিবেশন কক্ষের চেয়ার-টেবিলে চলছে শেষ মুহূর্তের পালিশ। নতুন মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত কক্ষসহ হবু মন্ত্রীদের দপ্তরগুলো সাজিয়ে তোলার কাজও প্রায় সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন