যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৫৪ এএম
ছবি: সংগৃহীত
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাব এখনো বিবেচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রস্তাবের বিষয়ে তেহরান নিজেদের অবস্থান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানাবে।
বুধবার (৬ মে) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফার একটি সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে। প্রস্তাবিত ওই স্মারকে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল পুনরায় চালুর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
তবে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এই প্রস্তাবকে ‘উইশ লিস্ট’ বা আকাঙ্ক্ষার তালিকা বলে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, আলোচনার মাধ্যমে তাও পাবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মার্কিন প্রস্তাব এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে। মূল্যায়ন শেষে পাকিস্তানকে আনুষ্ঠানিক মতামত জানানো হবে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা করছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ হয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে আবারও বড় ধরনের হামলা শুরু হতে পারে।
ট্রাম্প আরও জানান, ইরান চুক্তির শর্ত মেনে নিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ বন্ধ করা হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। যদিও তেহরান এখনো প্রকাশ্যে কোনো সমঝোতার বিষয় নিশ্চিত করেনি।
এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করেও উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে জাহাজ চলাচল স্বাভাবিক করার অভিযান স্থগিত করেছে। তবে ইরান-সমর্থিত আইআরজিসি ইঙ্গিত দিয়েছে, ‘আগ্রাসন বন্ধ হলে’ প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হতে পারে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে অঞ্চলটির পরিস্থিতির দিকে নজর রাখছে পুরো বিশ্ব।
সূত্র: বিবিসি
