৯ মে ব্রিগেডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি...
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত
আগামী ৯ মে, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথগ্রহণ।
বুধবার (৬ মে) বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আগামী ৯ মে আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান। ব্রিগেডে সকাল দশটায়।’
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম। এর আগে কখনো কোনো মুখ্যমন্ত্রীকে ব্রিগেডে শপথ নিতে দেখা যায়নি। অনেকেই একে নজিরবিহীন বলছেন। তবে ব্রিগেডের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির সম্পর্ক দীর্ঘদিনের।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ অর্থাৎ ৯ মে-কেই শপথগ্রহণের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ নিয়ে আগে থেকেই জোরদার আলোচনা চলছিল।
এদিকে নবান্নের পরিবর্তে ঐতিহাসিক মহাকরণ থেকে সরকার পরিচালনার বিষয়েও আলোচনা চলছে। তবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, সে নিয়ে এখনো চলছে জল্পনা।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি।
