ইরানের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া, পর্যালোচনায় তেহরান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:২৮ এএম
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক উত্তেজনা নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান জানিয়েছে, ওয়াশিংটনের পাঠানো সেই জবাব বর্তমানে পর্যালোচনা করছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাওয়া গেছে। জবাবের বিষয়বস্তু এখন গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, ইরানের এই প্রস্তাব মূলত চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত নিরসনের লক্ষ্যে তৈরি করা হয়েছে। এতে কেবল যুদ্ধসংক্রান্ত বিষয়গুলোই অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমান পর্যায়ে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা এই প্রস্তাবে রাখা হয়নি বলে স্পষ্ট করেন তিনি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ না থাকায় তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই কূটনৈতিক যোগাযোগ অঞ্চলটিতে উত্তেজনা কমানোর একটি সম্ভাব্য পথ তৈরি করতে পারে। তবে প্রস্তাব ও পাল্টা জবাবের বাস্তব ফলাফল নির্ভর করবে উভয় পক্ষের অবস্থান ও ভবিষ্যৎ আলোচনার ওপর।
সূত্র: আল জাজিরা