EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনায় কমল তেলের দাম

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:২১ এএম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনায় কমল তেলের দাম

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংলাপে বসার জন্য ইরানের নতুন প্রস্তাবের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে কিছুটা স্বস্তি ফিরেছে।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমলেও সাপ্তাহিক হিসেবে এখনো তা ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে লন্ডনের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ১১০ দশমিক ১৪ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ ডলার ৮৩ সেন্ট বা ১ দশমিক ৭ শতাংশ কমে ১০৩ দশমিক ২৪ ডলারে নেমে আসে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, গত বৃহস্পতিবার পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে আলোচনার সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছে তেহরান।

এই কূটনৈতিক উদ্যোগের খবর বাজারে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করে, যার প্রভাব পড়ে তেলের দামে।

তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বাজার পরিস্থিতি এখনো অত্যন্ত সংবেদনশীল। সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন জানান, সামান্য ইতিবাচক বা নেতিবাচক খবরেই বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।

গত কয়েক মাস ধরে ইরান-ইসরায়েল উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ যাতায়াত করা হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা শঙ্কা বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

যদিও গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে ইরান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থার সংকট এখনো রয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি ইস্যুতে তেহরানের একক সিদ্ধান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার অগ্রগতি তেলের বাজারে সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নির্ভর করবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতির ওপর।

আরও পড়ুন