ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১৪
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুইটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে জাকার্তার নিকটবর্তী বেকাসি শহরের রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে পরিণত হওয়া বগির ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছেন।
রাষ্ট্রীয় রেল কোম্পানি কেএআই ও স্থানীয় সূত্র জানায়, জাকার্তা থেকে চিকারাংগামী একটি কমিউটার ট্রেন এবং জাকার্তা-সুরাবায়া রুটের আর্গো ব্রোমো আংগ্রেক নামের দ্রুতগতির দূরপাল্লার ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি লেভেল ক্রসিংয়ে কমিউটার ট্রেনটি আটকে পড়ার পর সেটিকে দূরপাল্লার ট্রেনটি সজোরে ধাক্কা দেয়। এতে দুই ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, সংকীর্ণ জায়গা ও বিধ্বস্ত বগির কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। আটকে পড়া যাত্রীদের জীবিত উদ্ধারে উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৮৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির রেল নেটওয়ার্কে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০১০ সালে ট্রেন দুর্ঘটনায় ৩৬ জন এবং ২০১৫ সালে ট্রেন-মিনিবাস সংঘর্ষে ১৮ জন নিহত হন। বিশেষজ্ঞদের মতে, পুরনো অবকাঠামো ও অরক্ষিত লেভেল ক্রসিং এসব দুর্ঘটনার মূল কারণ।
সূত্র: আল-জাজিরা