চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে, ট্রাম্পের হুঁশিয়ারি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত বন্দর অবরোধ বহাল থাকবে। তিনি দাবি করেন, এই অবরোধ ইরানের অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে।
সোমবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, অবরোধের কারণে ইরান প্রতিদিন বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে, যা দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিচ্ছে। বুধবার শেষ হতে যাওয়া অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ ঘনিয়ে এলেও পরবর্তী শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় কূটনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তিনি জানান, ইরান পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, ইরান আলোচনায় আগ্রহী হলেও তারা কোনো চাপের মুখে সমঝোতায় যেতে চায় না। একই সঙ্গে হরমুজ প্রণালিতে সম্ভাব্য উত্তেজনা উভয় পক্ষের জন্যই বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেছেন, দেশটি কোনোভাবেই ‘হুমকির পরিবেশে’ আলোচনায় বসবে না। তিনি ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, অবরোধ ও সামরিক চাপের মাধ্যমে আলোচনাকে এক ধরনের আত্মসমর্পণে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও ইঙ্গিত দেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল ও সক্ষমতা নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।[সূত্র: আল-জাজিরা]
আরও পড়ুন
