EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পারস্য উপসাগরে আটকা ২ হাজার ১৯০ বাণিজ্যিক জাহাজ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

পারস্য উপসাগরে আটকা ২ হাজার ১৯০ বাণিজ্যিক জাহাজ
অ অ

ইরানের হরমুজ প্রণালী অবরোধের মুখে পারস্য উপসাগরে অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে ৩২০টিরও বেশি তেল ও গ্যাস ট্যাঙ্কার রয়েছে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কেবল সীমিত এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত যান চলাচল অব্যাহত রয়েছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘কেপলার’ জানিয়েছে, আটকা পড়া জাহাজগুলোর মধ্যে ১২টি বিশাল গ্যাস ক্যারিয়ার এবং ৫০টি অত্যন্ত বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ (ভিএলসিসি) রয়েছে। সাধারণ সময়ে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে ১২০টি জাহাজ চলাচল করলেও মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে মাত্র ছয়টি জাহাজ প্রণালীটি পার হতে পেরেছে।

জানা গেছে, গত সপ্তাহ থেকে এ পর্যন্ত অন্তত ৪৮টি জাহাজ পারাপার করেছে। জাহাজগুলোকে ইরানের উপকূলের কাছে লারাক দ্বীপ সংলগ্ন একটি অনুমোদিত করিডোর দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই সুবিধা মূলত ইরান বা তেহরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশের জাহাজগুলোই পাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়ার পর থেকে এই প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়। বর্তমানে এই পথে যাতায়াতকারী জাহাজগুলোকে ২০ লাখ ডলার পর্যন্ত ফি দিতে হচ্ছে, যাকে নৌ-পরিবহন খাতে ‘তেহরান টোল বুথ’ নামে অভিহিত করা হচ্ছে। তবে ইরান ইঙ্গিত দিয়েছে যে, মালয়েশিয়াসহ বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজের ক্ষেত্রে এই ফি মওকুফ করা হতে পারে।

এদিকে চীন জানায়, তাদের অন্তত তিনটি জাহাজ সংশ্লিষ্ট পক্ষের সাথে সমন্বয়ের পর সফলভাবে প্রণালীটি পার হয়েছে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, দুটি কন্টেইনার জাহাজ উচ্চ গতিতে দলবদ্ধভাবে চলার মাধ্যমে পারস্য উপসাগর থেকে বের হতে সক্ষম হয়েছে। 

সীমিত এই চলাচলের মধ্যেও সৌদি আরব এবং কাতারের মতো বড় উৎপাদক দেশগুলোর জ্বালানি রপ্তানি কার্যত স্থবির হয়ে আছে। এই সংকট নিরসনে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। নৌ-চলাচল স্বাভাবিক করতে ৩৫টি দেশের সাথে আলোচনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন। অন্যদিকে চীন ও পাকিস্তান যৌথভাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার অনুরোধ করেছে। সূত্র: আরব নিউজ

আরও পড়ুন