EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ: ইতিহাস গড়ল ‘আর্টেমিস-২’

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:০২ এএম

৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ: ইতিহাস গড়ল ‘আর্টেমিস-২’

ছবি: সংগৃহীত

অ অ

দীর্ঘ ৫৪ বছরের বিরতি ভেঙে আবারও চাঁদের উদ্দেশ্যে পাড়িজমাল মানুষ। বুধবার (১ এপ্রিল) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার বিশালাকার একটি রকেটে চড়ে মহাকাশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী। ‘আর্টেমিস-২’ মিশনের এই ঐতিহাসিক উৎক্ষেপণ মহাকাশ গবেষণার এক নতুন অধ্যায়ের সূচনা করল।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চার নভোচারীকে নিয়ে আকাশ কাঁপিয়ে মেঘের বুক চিরে উপরে উঠে যায় কমলা-সাদা রঙের শক্তিশালী রকেটটি। মার্কিন ও কানাডীয় এই অভিযাত্রী দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং কানাডার জেরেমি হ্যানসেন।

বহু বছরের অপেক্ষা, কারিগরি জটিলতা আর বিশাল বাজেটের চ্যালেঞ্জ পেরিয়ে শেষ পর্যন্ত সফলভাবে উৎক্ষেপিত হলো আর্টেমিস-২। রকেটটি পৃথিবী ছাড়ার সাথে সাথেই কন্ট্রোল রুমে থাকা নাসার কর্মী ও উপস্থিত হাজারো দর্শনার্থী বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন।

যাত্রার আগ মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন এই অভিযানের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা কেবল নিজেদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির প্রতিনিধি হয়ে চাঁদে যাচ্ছি।”

উৎক্ষেপণের চূড়ান্ত ক্ষণে লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন নভোচারীদের উদ্দেশে আবেগঘন বার্তা প্রদান করেন। তিনি বলেন, “রিড, ভিক্টর, ক্রিস্টিনা এবং জেরেমি—আপনারা এই অভিযানে কয়েক প্রজন্মের স্বপ্ন ও বিশ্বের অগণিত মানুষের শুভকামনা বহন করছেন। এগিয়ে চলুক আর্টেমিস-২।”

আর্টেমিস-২ মূলত একটি পরীক্ষামূলক মিশন। মহাকাশযানটি আগে কখনো মানুষ বহন না করায় প্রাথমিক ধাপে এর নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা খুঁটিয়ে দেখবেন নভোচারীরা। প্রায় ১০ দিনের এই মিশনে তারা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করবেন। তবে এই পর্যায়ে তারা চাঁদের মাটিতে অবতরণ করবেন না।

অভিযান চলাকালে মহাকাশযানটির ম্যানুয়াল নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ডকিং সিমুলেশনসহ বিভিন্ন কারিগরি সক্ষমতা যাচাই করা হবে। এই মিশনের সাফল্যের ওপরই নির্ভর করছে পরবর্তী ধাপে চাঁদের মাটিতে সরাসরি মানুষের অবতরণের পথ।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন