EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মালদ্বীপের প্রথম জাতীয় ডিমেনশিয়া পরিকল্পনা চালু

মালদ্বীপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম

মালদ্বীপের প্রথম জাতীয় ডিমেনশিয়া পরিকল্পনা চালু
অ অ

মালদ্বীপ সরকার প্রথমবারের মতো জাতীয় ডিমেনশিয়া কৌশলগত কর্মপরিকল্পনা (২০২৬-২০৩৬) ঘোষণা করেছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা চালু করা হয়, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিমেনশিয়া মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

চার বছরের দীর্ঘ প্রচেষ্টা ও সচেতনতামূলক কার্যক্রমের ফল হিসেবে এই পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসে। পরিকল্পনার মাধ্যমে ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মালদ্বীপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ (এএসবি)। এক প্রতিক্রিয়ায় সংস্থাটি জানায়, এই পরিকল্পনা ডিমেনশিয়া রোগীদের সেবা ও সহায়তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং এটি জাতীয় নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি জনসচেতনতার একটি সফল প্রতিফলন।

সংস্থাটি আরও জানায়, বিশ্ব ও আঞ্চলিক পর্যায়ের সর্বোত্তম অভিজ্ঞতার সাথে সামঞ্জস্য রেখে পরিকল্পনাটি বাস্তবায়নে সহযোগিতা করতে তারা আগ্রহী।

এই পরিকল্পনা বাস্তবায়নে মালদ্বীপ সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে আলঝেইমারস ডিজিজ ইন্টারন্যাশনাল (এডিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও),  ইউএনএফপিএ, জাপান দূতাবাস এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কারিগরি ও নীতিগত সহায়তা দিয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল্লাহ নাজিম ইব্রাহিম, ডব্লিউএইচওর পরামর্শক অ্যান কামিং, এবং মালদ্বীপ আলঝেইমারস সোসাইটির মরিয়ম ফিয়াজা ও হোসেন নিয়ার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশেষজ্ঞদের মতে, এই পরিকল্পনার মাধ্যমে মালদ্বীপে একটি টেকসই প্রবীণ ও দীর্ঘমেয়াদি যত্ন ব্যবস্থা গড়ে তোলার পথ আরও সুগম হবে এবং ডিমেনশিয়া আক্রান্ত মানুষদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি হবে।

আরও পড়ুন