ইরানে বড় হামলা শিগগিরই: ট্রাম্প
বর্তমান পরিস্থিতিকে ‘নিরাপদ নয়’ উল্লেখ করে ট্রাম্প ইরানি জনগণকে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: রয়টার্স
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন- কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনও ইরানের ওপর ‘কঠোর আঘাত’ করেনি।
ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ‘আমরা এখনও তাদের (ইরান) ওপর কঠোর আঘাত করা শুরুই করিনি। বড় ধরনের হামলা এখনও আসেনি। মূল আক্রমণটি শিগগিরই আসছে।’
ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সামরিক হামলার বাইরেও যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ‘হ্যাঁ’ সূচক জবাব দিয়েছেন।
বর্তমান পরিস্থিতিকে ‘নিরাপদ নয়’ উল্লেখ করে ট্রাম্প ইরানি জনগণকে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও অনিরাপদ হতে পারে।
সৌদি রাজধানী রিয়াদে দূতাবাস বন্ধ করল কানাডা
সৌদি আরবের রিয়াদে অবস্থিত দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার কার্যক্রম বন্ধ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সব ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার (৩ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ও আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মতে, দুটি ড্রোন দূতাবাসে আঘাত হানে এবং কূটনৈতিক কম্পাউন্ডে ‘সীমিত আকারে আগুন’ লাগে। তবে এতে কম্পাউন্ডের সামান্য ক্ষতি হয়েছে। ভোরে চালানো এ হামলার পর উপসাগরীয় অঞ্চলে আরও ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে। সূত্র: আনাদোলু
স্টারমার সাহায্য করছেন না, সম্পর্ক আগের মতো নেই : ট্রাম্প
ইরানে মার্কিন হামলায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম দ্য সানের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী সাহায্য করেছেন না। আমি কখনো ভাবিনি যে আমি এমনটা দেখবো। আমি কখনো ভাবিনি যে আমি যুক্তরাজ্য থেকে এটা দেখতে পাব।
এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, এটা খুবই দুঃখজনক যে সম্পর্কটি স্পষ্টতই আগের মতো নেই।
ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের
ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ টহল দিচ্ছিল। সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।
মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে বলা হয়েছে, “দু’দিন আগেও ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিয়ে বেড়াচ্ছিল। গতকাল সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে। ওমান উপসাগরে এখন ইরানের কোনো যুদ্ধজাহাজ নেই।”
আরও বলা হয়েছে, “গত কয়েক দশক ধরে ওমান উপসাগরে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা এবং হয়রানি করে আসছিল ইরান। সেসব দিন শেষ হয়ে গেছে। আর ফিরবে না।”
কুয়েতে ইরানের হামলায় প্রাণ গেল ৬ মার্কিন সেনার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা ঘটে রোববার স্থানীয় সময় সকালে কুয়েতের একটি বেসামরিক বন্দরে। সেখানে অস্থায়ী সামরিক অভিযানকেন্দ্রে ইরানের সরাসরি হামলা করে ইরান।
ঘটনাটি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে এ তথ্য জানিয়েছেন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সোমবার বিকেলে এক ঘোষণায় জানায়, কুয়েতের শুইবা বন্দরে হামলায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে নিয়মিত এবং জরুরি সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইরানে আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। একইসঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন বাহিনীর ধারাবাহিক অভিযানে আইআরজিসির কমান্ড ও কন্ট্রোল অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।
তাদের দাবি, এসব অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ সুবিধাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। সেই সঙ্গে গোষ্ঠীটির রাজনৈতিক কার্যক্রমও সীমিত করেছেন তিনি।
সোমবার রাজধানী বৈরুতের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে মন্ত্রিসভার বৈঠক করেন নাওয়াফ। সেই বৈঠকে চেয়ারম্যান ছিলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নাওয়াফ বলেন, “আজ থেকে লেবাননের সরকারি সেনাবাহিনী ব্যতীত অন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠীর সবধরনের সামরিক তৎপরতা নিষিদ্ধ করা হচ্ছে। মন্ত্রিসভা বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে যেকোনও সামরিক অভিযান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ যুদ্ধ ও শান্তি বিষয়ক যেকোনও সিদ্ধান্ত এককভাবে রাষ্ট্রের ওপর নির্ভর করে।”
রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা
নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কানাডিয়ান দূতাবাস জানিয়েছে, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে’ আজ দূতাবাস বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সহশরীরে উপস্থিত হওয়ার সকল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।’
কাতারের রাজধানীজুড়ে মুহুর্মুহু বিস্ফোরণ
কাতারের দোহা শহরজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কাতারি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং নিষ্ক্রিয় করেছে।
দোহা শহর থেকে সংবাদমাধ্যমের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে মানুষ তাদের ঘরবাড়ি থেকে রাস্তায় নেমে আসছে।
তেহরান ও বৈরুতে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে যে তারা ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, “আইডিএফ বর্তমানে তেহরান ও বৈরুতে সামরিক লক্ষ্যবস্তুর ওপর সমন্বিত লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করছে”।
এই হামলা আসে আইডিএফ বৈরুতের দক্ষিণাঞ্চলসহ ডজনখানেক গ্রামে বসবাসকারী মানুষদের উদ্দেশে ‘জরুরি সতর্কতা’ জারি করে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর প্রায় এক ঘণ্টা পর।
আইডিএফ জানিয়েছিল, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও মজুতঘরগুলোকে লক্ষ্য করছে।
যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত ৭৪২
ইরানে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সেনাসদস্য রয়েছেন।
এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
সংস্থাটি আরও জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে মোট বেসামরিক নিহতের সংখ্যা অন্তত ৭৪২। নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে।
বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংসের দাবি ইরানের
বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ‘ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, তারা ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ‘মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড এবং সদর দপ্তর ভবন ধ্বংস করেছে এবং এর জ্বালানি ট্যাঙ্কগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে।’
তবে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল-জাজিরা।
ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় যোগ দিতে চাইছে আরব দেশগুলো, দাবি ট্রাম্পের
যেসব আরব দেশ প্রথমে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে অনিচ্ছুক ছিল, তারা এখন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয় ভূমিকা নেয়ার জন্য চাপ দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা করায় তারা এ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, যিনি সোমবার সিএনএনকে বলেছিলেন যে, বেশ কয়েকটি আরব দেশ তেহরানের আক্রমণের মুখে পড়েছে এবং সে কারণেই তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে।
ট্রাম্প সিএনএনকে বলেন, আমরা অবাক হয়েছিলাম। তারা আক্রমণাত্মকভাবে লড়াই করছে। তাদের খুব কম হামলা করার কথা কিন্তু এখন তারা পুরোপুরি আক্রমণাত্মক হয়ে উঠেছে।
এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধটি অঞ্চলটির জন্য শান্তির দ্বার খুলে দিতে পারে। তিনি বলেন, দ্রুত ও সহজ অভিযানের প্রতিশ্রুতি রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এ সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে বলে আমি মনে করি না।
ফক্স নিউজকে সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, বর্তমান সংঘাত ইসরায়েল ও অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের আরও চুক্তির পথ প্রশস্ত করতে পারে।
তিনি বলেন, “আমরা (নেতানিয়াহু ও ট্রাম্প) আব্রহাম অ্যাকর্ডস এগিয়ে নিয়েছিলাম, যা ছিল চারটি আরব দেশের সঙ্গে চারটি শান্তিচুক্তি। আর এখন ইরানের বিরুদ্ধে একসঙ্গে কাজ করে আমরা আরও অনেক, অনেক শান্তিচুক্তি আনতে পারব।”
তিনি আরও যোগ করেন, “এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়, বছ ধরে চলবে না, কিছু সময়ের জন্য হবে। এটি শান্তির দ্বার উন্মোচন করবে। মানুষ যা বলছে, এটি তার সম্পূর্ণ বিপরীত।”
অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ‘ড্রোন হামলায়’ ক্ষতিগ্রস্ত
সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস।
এছাড়া বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বব্যাপী ডেটা সেন্টার এবং ডিজিটাল সেবা প্রদানকারী এই কোম্পানিটি জানিয়েছে যে, ড্রোনের 'সরাসরি আঘাতে' তাদের 'অবকাঠামোগত ক্ষতি' হয়েছে এবং ভবনটির 'বিদ্যুৎ বিঘ্নিত' হয়েছে।
যুক্তরাষ্ট্র আর কোনো বহু বছরের যুদ্ধে জড়াবে না, উল্টো সুর জেডি ভ্যান্সের
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এমন কোনো সংঘাতে জড়াবে না, যা বছরের পর বছর ধরে চলবে। তিনি যোগ করেন, প্রেসিডেন্টের একটিই সুস্পষ্ট লক্ষ্য- ইরান কখনোই ‘পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে’ তানিশ্চিত করা।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর দেশকে ইরানি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে চান না, তিনি নিশ্চিত করতে চান যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর সেটির জন্য ইরানি শাসনব্যবস্থার মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।’
তিনি আরও বলেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদি হবে না। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই দেশকে বহু বছরের যুদ্ধে জড়াতে দেবেন না… আমরা ইরাক ও আফগানিস্তানে যেসব সমস্যায় পড়েছিলাম, সেই পরিস্থিতিতে আর যাব না।
এখনই মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩ মার্চ) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়। তালিকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও রয়েছে।
পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী সচিব মোরো ম্যানডোর বলেন, নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের উপলভ্য বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে দেশগুলো ছেড়ে যাওয়া উচিত।
সাম্প্রতিক দিনগুলোতে অঞ্চলটির কয়েকটি দেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এই নির্দেশনা আসে। যেসব দেশ ছাড়তে বলা হয়েছে- বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। প্রাথমিক অনুমান অনুসারে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
এক্স-এ শেয়ার করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এর ফলে কিছু স্থানে আগুন লেগেছে এবং ভবনের সামান্য ক্ষতি হয়েছে।
সৌদি আরবে মার্কিন মিশন জেদ্দা, রিয়াদ ও দাহরানে আশ্রয়স্থল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং জানিয়েছে যে, এই অঞ্চলের যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করা হবে।
প্রতিবেশীদের সঙ্গে নয়, ইরানের যুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তাদের যুদ্ধ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে।
তার ভাষায়, ‘আমরা আমাদের প্রতিবেশীদের আক্রমণ করছি না, আমরা মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ করছি।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সেনারা হোটেলে আশ্রয় নিলেও তারা লক্ষ্যবস্তু হওয়া থেকে রক্ষা পাবে না। অর্থাৎ, শত্রুরা ঘরের ভেতরও নিরাপদ থাকবে না—এমন স্পষ্ট বার্তাই দিয়েছে তেহরান।
ইরাকে মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে ড্রোন হামলা
ইরানের সীমান্তের কাছে ইরাকের কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলে হামলার খবর পাওয়া যাচ্ছে। ইসলামিক রেসিসট্যান্স ইন ইরাক দাবি করেছে, তারা এরবিলে একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে। যেখানে তাদের মতে মার্কিন সেনারা অবস্থান করছিল।
এদিকে ইরাকি সংবাদ সংস্থা নয়া নিউজ এজেন্সির টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে এরবিলের একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। পোস্টটিতে দাবি করা হয়েছে, “দখলদার ঘাঁটি লক্ষ্য করে ইসলামিক রিসিসট্যান্সে ড্রোন নিক্ষেপ করেছে।
১৬০ শিক্ষার্থীকে হত্যা করে মানবাধিকার আইন লঙ্ঘন করেছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: জাতিসংঘ
ইরানের একটি স্কুলে বোমা হামলা করে ১৬০ জন শিক্ষার্থীকে হত্যা করে মানবাধিকার আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জাতিসংঘের শিক্ষা সংস্থা ইউনেস্কোর বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইউনেস্কো বলেছে, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “শিক্ষার জন্য নিবেদিত একটি স্থানে শিক্ষার্থীদের হত্যা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে স্কুলগুলোর যে সুরক্ষা রয়েছে, তার গুরুতর লঙ্ঘন।”
বৈরুতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডার আদহাম আদনান আল-ওসমানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার (২ মার্চ) রাতে এক অভিযানে তিনি নিহত হন বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডও আল-ওসমানের নিহত হওয়ার খবর প্রচার করেছিল।
ইসরায়েলি বাহিনীর দাবি, আল-ওসমান গত কয়েক বছর ধরে লেবাননে গোষ্ঠীটির কমান্ডারের দায়িত্বে ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন হামলার পরিকল্পনা ও পরিচালনার পেছনে তাঁর মূল ভূমিকা ছিল।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে ইসরায়েলের হামলা
তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় সম্প্রচারকেন্দ্রটির ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইআরআইবির প্রধান পয়মান জেবেলি বলেন, তেহরানে অবস্থিত প্রতিষ্ঠানটির কমপ্লেক্সের নির্দিষ্ট কিছু অংশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি হামলার নিন্দা জানিয়ে এটিকে সরাসরি রাষ্ট্রীয় অবকাঠামোর ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করেছে। আইডিএফের ফারসি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়, তারা আইআরআইবি কমপ্লেক্সকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে।
এর আগে ইরানের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রের একাধিক ভবন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। মঙ্গলবার বাঙলাদেশ সময় রাত সাড়ে ৪টার দিকে নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে। তারা উল্লেখ করেছে, গত সাত ঘণ্টার মধ্যে একটু আগে প্রথমবার মিসাইল ছুড়েছে ইরান।
কুয়েতকে জবাব দিতে হবে তাদের আকাশে মার্কিন বিমান কি করছিল, বলল ইরান
কুয়েতে গতকাল ভুলক্রমে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। সোমবার কুয়েতে হঠাৎ করেই তিনটি বিমান ভূপাতিত হয়। কুয়েতে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি বলেন, ‘কুয়েত বলেছিল ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। তাহলে যেসব যুদ্ধবিমান কুয়েতে ভূপাতিত হলো সেগুলো কুয়েতের আকাশে কি করছিল?’
ইরান যুদ্ধে ৬ মার্কিন সেনা নিহত
ইরানের সঙ্গে চলমান সংঘাতে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
তবে নিহত সেনাদের নাম জানায়নি তারা। নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর খবর দেওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা।
হুমকির মুখে জর্ডান দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা হুমকির কারণে দূতাবাসের সব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলছে। এর জেরে যেকোনো হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দূতাবাস।
সবচেয়ে কঠিন আঘাতগুলো এখনো বাকি: রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন, ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে যে ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের লক্ষ্যগুলো ‘স্থলবাহিনী ছাড়াই অর্জন করা সম্ভব’ এবং পূর্বাভাস দিয়েছেন যে ‘সবচেয়ে কঠিন আঘাতগুলো এখনো বাকি।’
‘এই মুহূর্তে, আমরা স্থলবাহিনীর জন্য প্রস্তুত নই, তবে স্পষ্টতই রাষ্ট্রপতির কাছে সেই বিকল্পগুলো রয়েছে’, সোমবার ক্যাপিটল হিলে সাংবাদিকদের তিনি বলেন। তিনি কখনোই কোনো কিছু নাকচ করে দেবেন না।
পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের কার্যক্রম স্থগিত
পাকিস্তানে চলমান তীব্র উত্তেজনা ও বিক্ষোভের মুখে নিরাপত্তার খাতিরে পেশোয়ারে অবস্থিত মার্কিন কনসুলেট জেনারেল তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। ২রা মার্চ থেকে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে।
এক নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন মিশন জানিয়েছে, পেশোয়ারে কার্যক্রম বন্ধ থাকলেও ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সমস্ত নিয়মিত ও জরুরি কনসুলার সেবা প্রদান অব্যাহত রাখবে।
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তেহরানের পাল্টা আক্রমণের মধ্যেই, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড- এর এক কমান্ডারের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল বাণিজ্যপথ হরমুজ প্রণালি এখন বন্ধ এবং কোনো জাহাজ এটি অতিক্রম করার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।
লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা হামাসের
লেবাননে ইসরায়েলের হামলাকে ‘আগ্রাসন’ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠীটি এই হামলাকে ‘ভয়াবহ উত্তেজনা’ বলে বর্ণনা করেছে।
এক বিবৃতিতে হামাস বলেছে, এই বিমান হামলাগুলো ‘লেবানন এবং তার সার্বভৌমত্বের ওপর চলমান লঙ্ঘনের’ অংশ এবং মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েলি হামলারই সম্প্রসারণ।
হামাস জানিয়েছে, ‘হামলার পরিণতির জন্য ইসরায়েল সম্পূর্ণরূপে দায়ী’ এবং তারা লেবাননের সাথে সংহতি প্রকাশ করছে।
ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইসরায়েলি দূত
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযান বন্ধ করবে না। তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে প্রয়োজনীয় সবকিছুই তারা করবে।
নিউইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে ড্যানন অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চূড়ান্ত ও নিপুণ’ হামলার জবাবে ইরান সামরিকভাবে ‘হতাশাগ্রস্ত হয়ে পাল্টা আঘাত’ করছে।
তিনি আরও বলেন, ইরানের ওপর এই হামলা ‘যতদিন প্রয়োজন’ ততদিন চলবে।
ওমান উপসাগরে ইরানের সব জাহাজ ধ্বংসের দাবি মার্কিন সেনাবাহিনীর
ওমান উপসাগরে ইরানের সমস্ত জাহাজ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’- এ দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে- ‘দুই দিন আগে ওমান উপসাগরে ইরানি শাসকের ১১টি জাহাজ ছিল, আজ তাদের জাহাজ আছে শূন্য।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরানি শাসক কয়েক দশক ধরে ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা ও হামলা চালিয়ে আসছে।’
ড্রোন হামলায় কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বিশ্ববাজারে গ্যাসের দাম আকাশচুম্বী
ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কাতার এনার্জি’। নিরাপত্তার কারণে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদন স্থগিত ঘোষণা করেছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারে।
সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের আঘাতে মেসাইদ শিল্প শহরের একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাঙ্ক এবং রাস লাফানের একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্বের মোট এলএনজি চাহিদার ২০ শতাংশ সরবরাহ করে কাতার। উৎপাদন বন্ধ হওয়ায় বাজারে গ্যাসের সরবরাহ কমে গেছে, ফলে দ্রুতগতিতে দাম বেড়েই চলেছে।
হরমুজ প্রণালিতে মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে আইআরজিসির হামলা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘হরমুজ প্রণালিতে মার্কিন মিত্রদের অন্যতম ‘এথি নোভা’ নামের ট্যাঙ্কারটি দুটি ড্রোন হামলার শিকার হওয়ার পর এখনও জ্বলছে।’
এর আগে শনিবার, অভিজাত এই আধা-সামরিক বাহিনী জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর তারা বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দিয়েছে।
ইরান যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা ন্যাটোর নেই: রুত্তে
ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রশংসা করলেও, এই আঞ্চলিক সংঘাতে ন্যাটোর জোটগতভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
ব্রাসেলসে জার্মানির এআরডি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রুত্তে বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস ও দুর্বল করতে যুক্তরাষ্ট্র ‘ইসরায়েলের সাথে মিলে’ যে কাজ করছে, তা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।
তবে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টায় ন্যাটোর স্বতন্ত্র সদস্য দেশগুলো সমর্থন দিতে পারে।
কূটনীতিতে জোর দিতে ন্যাটো ও জার্মানিকে এরদোয়ানের আহ্বান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের বদলে কূটনীতিকে সুযোগ দেওয়া প্রয়োজন।
তুরস্কের প্রেসিডেন্সি জানায়, ফোনালাপে ন্যাটো বিষয়ক আলোচনার পাশাপাশি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত নিয়েও কথা হয়েছে। আঙ্কারা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে রুত্তেকে জানিয়েছেন এরদোয়ান।
ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি কাতারের
ইরানের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কাতার।
সোমবার এক বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
সেইসাথে ইরানের ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।
শিগগিরই ইরানে ‘মূল আক্রমণ’ করা হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনো ‘কঠোর আঘাত’ করেনি। বড় হামলা এখনো বাকি। শিগগিরই ‘মূল আক্রমণ’ করা হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সামরিক হামলার বাইরেও যুক্তরাষ্ট্র আরও কিছু করছে কিনা জানতে চাইলে ট্রাম্প ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।
ট্রাম্প বলেন, আমরা এখনো তাদের (ইরান) ওপর কঠোর আঘাত করা শুরুই করিনি। বড় ধরনের হামলা এখনো আসেনি। মূল আক্রমণটি শিগগিরই আসছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেসব জায়গায় সংরক্ষিত রয়েছে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে, শুধুমাত্র সেগুলোকে উৎসমূলেই থামানোর জন্যই যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ইরান যেন অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, সে লক্ষ্যেই তিনি এই যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অনুরোধে সম্মতি দিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের’ সাথে হামলায় অংশ নেবে না।
তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা রোধ করতেই যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ফ্রান্স- জার্মানিও প্রস্তত রয়েছে। [সূত্র: বিবিসি]
হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেতানিয়াহু
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা বেইত শেমেশ এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
পরিদর্শনে গিয়ে এ সময় তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথাও বলেছেন।
তিনি যে এলাকা পরিদর্শনে গিয়েছেন, ওই এলাকায় আগের দিন রোববার ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে কমপক্ষে নয়জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। ওই এলাকাটি ছিল একটি আবাসিক এলাকা এবং আশপাশের কাঠামোগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নেতানিয়াহু তার বক্তব্যে উদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তবে তিনি ঠিক কী বলেছেন তার বিস্তারিত এখনো জানা যায় নি। [সূত্র: বিবিসি]
ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণ
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি পারমাণবিক স্থাপনা এবং বিমানঘাঁটির কাছের এলাকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছুক্ষণ আগে এ বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়েছে।
এর আগে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা হয়। জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি আজ সোমবার জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানে ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৫
ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের সারাবেলেহ গ্রামে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে এক শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। [সূত্র: আল-জাজিরা]
দীর্ঘমেয়াদে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আলী লারিজানি
ইরান দীর্ঘমেয়াদে যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ছয় হাজার বছরের প্রাচীন ইরানী সভ্যতাকে রক্ষায় দেশটি দৃঢ় প্রতিজ্ঞ।
পোস্টে লারিজানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগ্রাসন শুরু করেছে এবং সেই আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার সার্বভৌমত্ব ও সভ্যতা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত: গ্যাস সরবরাহ নিয়ে বৈঠক ডেকেছে ইইউ
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের প্রভাব খতিয়ে দেখতে আগামী বুধবার বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যাস সমন্বয় গ্রুপ। আজ সোমবার ইইউর একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ইইউর গ্যাস সমন্বয় গ্রুপে সদস্য দেশের সরকারের প্রতিনিধিরাও রয়েছেন। গ্রুপটি মূলত ইইউভুক্ত দেশগুলোর গ্যাস মজুত ও সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা পর্যবেক্ষণ করে। এ ছাড়া যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে করণীয় পদক্ষেপ সমন্বয়ের দায়িত্বও তাদের। [সূত্র: রয়টার্স]
ইরানকে সমর্থন জানাল চীন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিস্তারের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব রক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে তীব্র ভাষায় সমালোচনা করেছে বেইজিং।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচিকে বলেন, ‘চীন-ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয় বেইজিং এবং ইরান তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় যে পদক্ষেপ নিচ্ছে, তাকে সমর্থন করে।’
ওয়াং ই আরও বলেন, চীন ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ রক্ষায় সমর্থন জানায়। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান এবং সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক করেন।
নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র লেবাননে অবস্থানরত তাদের দেশের নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের এক্স পোস্টে লিখেছে, আমরা মার্কিন নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার আহ্বান জানাচ্ছি। কেউ যদি বর্তমানে দেশটিতে অবস্থান করে থাকেন, তাহলে ফ্লাইট চালু থাকা অবস্থায় এখনই লেবানন ত্যাগ করুন।
তারা আরও বলেছে, লেবাননের নিরাপত্তা দ্রুতই অনিশ্চিত হয়ে উঠতে পারে। দেশজুড়ে, বিশেষ করে দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং বৈরুতের কিছু অংশে বিমান হামলা শুরু হয়েছে।
লেবাননের রাজধানী বৈরুত থেকে বিবিসির সংবাদদাতার জানিয়েছেন, ইরান-সমর্থিত সংগঠন হেজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়েহ এলাকায় একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
‘লেবানন জুড়ে’ হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েল
ইসরায়েল জানিয়েছে, তাদের বাহিনী ‘লেবানন জুড়ে’ হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়ে বলেছে, এ বিষয়ে ‘বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
ইসরায়েলের হামলায় লেবাননের রাজধানী বৈরুতের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। [সূত্র: আল- জাজিরা]
ইরাকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ
ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে বা ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাগদাদের মার্কিন দূতাবাস।
দূতাবাস মার্কিনদের উদ্দেশে বলেছে, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন, নিজের উপস্থিতি জাহির করবেন না এবং জনসমাগম এড়িয়ে চলুন। ইরাকের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেটের উপস্থিতির খবর পাওয়া যাচ্ছে।
বাগদাদে মার্কিন দূতাবাসে বা ইরবিলে অবস্থিত কনস্যুলেট জেনারেলে মার্কিনদের না যাওয়ারও পরামর্শ দিয়েছে দূতাবাস। একইসঙ্গে দূতাবাসের কর্মীদেরও নিজ নিজ অবস্থানে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। [সূত্র: বিবিসি]
ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্রের ইরান অভিযান ‘অন্তহীন কোনো যুদ্ধ’ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মার্কিন প্রতিরক্ষা বলেন, ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংস করা। একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, ‘এটি (ইরান) ইরাক নয়। এটি (যুদ্ধ) অন্তহীন কোনো বিষয় নয়।’ [সূত্র: রয়টার্স]
খামেনির আহত স্ত্রী মারা গেছেন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারা গেছেন। ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় আহত হয়েছিলেন মানসুরেহ।
এর আগে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। গত শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ মানসুরেহ খোজাস্তেহর মৃত্যুর কথা জানিয়েছে। [সূত্র: আল-জাজিরা]
ইসরায়েলি হামলায় হেজবুল্লাহর গোয়েন্দা প্রধান নিহত: আইডিএফ
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বৈরুতে চালানো হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন।
এতে বলা হয়েছে, রোববার লেবাননের রাজধানী বৈরুতে হামলায় হেজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরের প্রধান হুসেইন মাকলেদকে হত্যা করা হয়েছে। [সূত্র: বিবিসি]
কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ, ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৩০% বেশি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর, পাল্টা জবাব দিচ্ছে ইরান। গত কয়েকদিনে দফায় দফায় হামলা চালানো হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবে।
এমন অবস্থার মধ্যে কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে ইউরোপে গ্যাসের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। [সূত্র: বিবিসি]
হেজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার
লেবানন সরকার দেশটিতে হেজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।এই সিদ্ধান্তের ফলে হেজবুল্লাহ ও সরকারের সমান্তরাল ক্ষমতার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়লো। তবে হেজবুল্লাহ রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালাতে পারবে।
মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে হেজবুল্লাহ সোমবার (২ মার্চ) ইসরায়েলের দিকে রকেট হামলার পরই লেবানন সরকার হেজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেয়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের অবস্থান যেখানে যে কোনো ধরনের সংঘাত বিরোধী, সেখানে কোনো পরামর্শ ছাড়াই রকেট হামলা চালিয়েছে হেজবুল্লাহ। যা আঞ্চলিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে।
দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়েই বলেছেন, হেজবুল্লাহর এই তৎপরতা লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন।
বাস্তবে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও হেজবুল্লাহ এখনো সশস্ত্র অবস্থায় রয়েছে।
এদিকে, ইসরায়েলী বাহিনী লেবাননে হেজবুল্লাহর অবকাঠামোগুলোয় হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ নেই
জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফিয়াল গ্রোসি বলেছেন, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোন কিছুর ইঙ্গিত তারা পান নি।
তিনি জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তেহরান গবেষণা রিঅ্যাক্টর বা অন্যান্য পারমাণবিক জ্বালানি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোন লক্ষণ নেই।
সংস্থাটির গভর্নর বোর্ডে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি বা আইএইএ ইরানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, তবে তাদের কোন সাড়া পাওয়া যায়নি।
আইএইএ-তে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বিবিসিকে জানিয়েছেন, রবিবার নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি। [সূত্র: বিবিসি]
ইরানের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা নিহত: দাবি ইসরায়েলের
নতুন এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ইসরায়েলবিষয়ক উপমন্ত্রী সাইয়েদ ইয়াহিয়া হামিদিকে হত্যা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, গোয়েন্দা বিভাগের প্রধান জালাল পোর হোসেইনসহ রেজিমের আরো কয়েকজন নিহত হয়েছেন।
তবে তাদের কখন কীভাবে বা কোথায় হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আইডিএফ আরও দাবি করেছে, অল্প কিছুক্ষণ আগে তেহরানে ইরানের গোয়েন্দা সদরদপ্তরে আবারো হামলা চালানো হয়েছে। [সূত্র: বিবিসি]
ইরানের হামলায় আরও এক মার্কিন সেনার মৃত্যু, নিহত বেড়ে ৪
ইরানে পরিচালিত অভিযানে আহত হয়ে আরও এক মার্কিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এতে করে অভিযানে নিহত যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল চার জনে। সোমবার (২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড।
এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের প্রাথমিক হামলার সময় ওই সেনা সদস্য গুরুতর আহত হন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি আঘাতজনিত কারণে মারা যান।
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ
ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপপরিচালক মেহেদি তাবাতাবায়ে এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আদেশে রেভল্যুশনারি গার্ডের জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন। এতে পদটিতে বড় শূন্যতা তৈরি হয়েছিল।
এববার সেই পদে এক জেনারেলকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সূত্র: আলজাজিরা।