নাইজেরিয়ার জামফারায় বন্দুকধারীর হামলায় নিহত অন্তত ৫০
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের বুক্কুয়ুম এলাকায় তুঙ্গান দুতসে গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এক সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা মোটরসাইকেলে এসে গ্রামে আগুন ধরিয়ে দেয় এবং বহু নারী ও শিশুকে অপহরণ করে।
স্থানীয় বাসিন্দা এবং কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলা বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলেছে।
বুক্কুয়ুম সাউথের আইনপ্রণেতা হামিসু এ ফারু জানান, সশস্ত্ররা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাত্রা করতে করতে কমপক্ষে ৫০ জনকে প্রাণ হারাতে বাধ্য করেছে। তবে অপহৃতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয়রা জানান, হামলার আগেই সতর্ক সংকেত ছিল।
আবদুল্লাহি সানি জানান, হামলার একদিন আগে ১৫০টিরও বেশি মোটরসাইকেলে সশস্ত্র ব্যক্তিদের গ্রামে প্রবেশ করতে দেখা যায় এবং বাসিন্দারা নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছিলেন। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই হামলায় তার পরিবারের তিন সদস্য নিহত হয়েছে এবং গ্রামবাসীরা এখনও শোক ও আতঙ্কের মধ্যে রয়েছে। [সূত্র: আল-জাজিরা]