জাপানের নির্বাচন: তাকাইচির দলের ভূমিধস জয়
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ এএম
ছবি: সংগৃহীত
জাপানের সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি এককভাবে এবং জোটগতভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (সুপার মেজরিটি) অর্জন করেছে।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকের সংগৃহীত প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাকাইচির এলডিপি এককভাবে ৩১৬টি আসনে জয়ী হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি। এছাড়া নতুন মিত্র দল 'জাপান ইনোভেশন পার্টি' (জেআইপি)-র ৩৬টি আসনসহ তাকাইচির ক্ষমতাসীন জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২টিতে।
বিজয় নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সানায়ে তাকাইচি জানান, তিনি একটি দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতি এবং প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করার মাধ্যমে জাপানের অর্থনীতিকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। দলীয় সদর দপ্তরে বিজয়ী প্রার্থীদের নামের পাশে লাল ফিতা লাগিয়ে উদযাপনের সময় তাকে বেশ উৎফুল্ল দেখা যায়।
উল্লেখ্য, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাস পর জনম্যান্ডেট পেতে এই আগাম নির্বাচনের ঝুঁকি নিয়েছিলেন তাকাইচি। গত কয়েক বছরে এলডিপি তহবিল জালিয়াতি ও নানা কেলেঙ্কারির কারণে জনপ্রিয়তায় পিছিয়ে পড়লেও, তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তরুণ প্রজন্মের সমর্থনের ওপর ভর করে দলটি অভাবনীয় এই সাফল্য পেল। পার্লামেন্টে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তাকে জাপানের শান্তিবাদী সংবিধান সংশোধন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শক্তিশালী অবস্থান তৈরি করে দিল। Recommended Stories
