৮৬% আমেরিকান গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের জনগণের বড় একটি অংশ স্পষ্টভাবে বিরোধিতা করছে। সিবিএস নিউজ পরিচালিত ওই জরিপ অনুযায়ী, প্রায় ৮৬ শতাংশ আমেরিকান নাগরিক এ ধরনের কোনো পদক্ষেপের বিপক্ষে মত দিয়েছেন।
রাজনৈতিক বিভাজন থাকা সত্ত্বেও এই ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে উল্লেখযোগ্য অনীহা লক্ষ্য করা গেছে। জরিপে দেখা যায়, রিপাবলিকান ভোটারদের মধ্যেও বড় ধরনের আপত্তি রয়েছে—দলটির প্রায় ৭০ শতাংশ সমর্থক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের সম্ভাব্য উদ্যোগের বিরোধিতা করছেন। তবে একই সঙ্গে প্রায় ৩০ শতাংশ রিপাবলিকান ভোটার গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছেন।
এদিকে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইয়েল ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের কড়া সমালোচনা করেন। গ্রিনল্যান্ড বিক্রিতে রাজি না হলে ইউরোপীয় মিত্রদের ওপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প দিয়েছেন, সেটিকে তিনি সরাসরি ‘ব্ল্যাকমেইলিং’ বলে আখ্যা দেন। তার মতে, এই ধরনের পদক্ষেপ ন্যাটো জোট কিংবা গ্রিনল্যান্ড—কারও জন্যই ইতিবাচক নয় এবং এটি একেবারেই অপ্রয়োজনীয়।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ঘোষণা দেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং গ্রেট ব্রিটেন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
মূলত গ্রিনল্যান্ডে ন্যাটোর একটি সামরিক মহড়ায় অংশ নিতে এসব দেশের কর্মীদের পাঠানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়াতেই এই শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। [সূত্র: সামা টিভি]