কলম্বিয়ায় বাস খাদে পড়ে নিহত ১৭
শিক্ষার্থীদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ডেইলি সান রিপোর্ট, আন্তির্জাতিক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
ছবি: সংগৃহীত
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
স্থানীয় সময় রবিবার (১৪ ডিসেম্বর) অ্যান্টিওকিয়া বিভাগের মেডেলিন শহরের কাছে বেলো এলাকায় একটি যাত্রীবাহী বাস প্রায় ৪০ মিটার গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অন্তত ১৬ জন ছিলেন স্কুলশিক্ষার্থী এবং একজন বাসচালক। শিক্ষার্থীদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রতিবেদন অনুযায়ী, মেডেলিনের কাছে বেলোর একটি স্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা শেষে আনন্দ উদযাপন করতে কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলীয় শহর টোলু ও কোভেনাসে ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক শিক্ষার্থী বলেন, “আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ চিৎকার শুনতে পাই। এরপর আর কিছু মনে নেই।”
দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা গিরিখাত থেকে স্ট্রেচারের মাধ্যমে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “তরুণদের এমন মর্মান্তিক মৃত্যু আমাকে গভীরভাবে ব্যথিত করে। পড়াশোনা বা আনন্দ উপভোগের সময় এমন দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” [সূত্র: এএফপি]