বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার ঋণ, সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি: সংগৃহীত
বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রাক্-অর্থায়ন স্কিমে ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঋণ বিতরণের পর ছয় মাসের গ্রেস পিরিয়ড বা সুদমুক্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ে গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, ঋণ বিতরণের ছয় মাস পর থেকে গ্রাহকের কাছ থেকে সুদ আদায় শুরু করতে হবে। তবে গ্রেস পিরিয়ড শেষে প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও আদায়ের আওতায় থাকবে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, এ স্কিমের আওতায় ব্যাংক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ। অর্থাৎ, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া প্রাক্-অর্থায়নের বিপরীতে ৪ শতাংশ হারে সুদ দেবে। প্রাক্-অর্থায়ন গ্রহণের ছয় মাস পর থেকে এ সুদ পরিশোধ শুরু হবে এবং প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও পরিশোধ করতে হবে।
অন্যদিকে, গ্রাহক পর্যায়ে সুদ ও অন্যান্য চার্জ মিলিয়ে সর্বোচ্চ ৭ শতাংশ নেওয়া যাবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, প্রাক্-অর্থায়নের আওতায় ব্যাংক যে ঋণ নেবে, গ্রেস পিরিয়ড শেষে তা ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে পরিশোধ করতে হবে।
এ ছাড়া তহবিলের প্রাপ্যতা সাপেক্ষে স্কিমের মেয়াদকালীন তিন বছরের মধ্যে যেকোনো সময়ে প্রাক্-অর্থায়নের জন্য আবেদন করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সংশ্লিষ্ট আগের সার্কুলার ও সার্কুলার লেটারে ব্যবহৃত ‘বৃহৎ শিল্প’ শব্দযুগলের পরিবর্তে এখন থেকে ‘শিল্প’ শব্দটি ব্যবহার করা হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে।
