পিউ রিসার্চ সেন্টারের নতুন গবেষণা
২০৭০ সালেও ভারতে হিন্দু ধর্মালম্বীরা থাকবে সংখ্যাগরিষ্ট
বৃহত্তম মুসলিম দেশ হবে পাকিস্তান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ এএম
২০৭০ সাল নাগাদ ভারতের জনসংখ্যার ৭৬ শতাংশ হবে হিন্দু ধর্মালম্বী ছবি: সংগৃহীত
আগামী কয়েক দশক ভারতে হিন্দু ধর্মাবলম্বীরাই সংখ্যাগরিষ্ঠ থাকবে, তবে দেশটির ধর্মীয় জনবিন্যাসে ধীরে ধীরে পরিবর্তন আসবে। পিউ রিসার্চ সেন্টারের এক নতুন গবেষণায় বলা হয়েছে, ২০৭০ সাল নাগাদ ভারতের জনসংখ্যার ৭৬ শতাংশ হবে হিন্দু এবং মুসলিমদের হার ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে দাঁড়াবে।
এদিকে ২০৭০ সাল নাগাদ ৪৬ কোটি ১০ লাখ মুসলিম নিয়ে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশে পরিণত হবে পাকিস্তান।
বিবিসি নিউজের সূত্রে জানা গিয়েছে, এ নতুন গবেষণায় ভারত ৩৩ কোটি ৪০ লাখ মুসলিম নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে এবং বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেড়ে ২১ কোটি ৮০ লাখে পৌঁছাবে বলে উল্লেখ করা হয়েছে।
২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়, ভারতে এই পরিবর্তনের মূল কারণ বয়স ও প্রজনন হারের পার্থক্য। ভারতের মুসলিমরা হিন্দুদের চেয়ে বয়সে তরুণ (গড় বয়স ২৪, হিন্দুদের ২৯) এবং গড়ে তাঁদের সন্তান সংখ্যা বেশি।
২০২৫-২০৩০ সালের মধ্যে মুসলিম নারীদের প্রজনন হার ২.৩ এবং হিন্দু নারীদের ১.৮ হতে পারে। তবে সময়ের সাথে এই ব্যবধান কমে আসবে এবং মুসলিমরা সংখ্যায় হিন্দুদের ছাড়িয়ে যাবে—এমন দাবিকে জনতত্ত্ববিদরা নাকচ করে দিয়েছেন।
বৈশ্বিকভাবে ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলিমরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হবে। যা, ২০৭০ সালে বিশ্ব জনসংখ্যার ৩৬ শতাংশ হতে পারে।
বর্তমান ধারা চললে ২০৭০ সালে ভারতে হিন্দু জনসংখ্যা ১৭ কোটি ৬০ লাখ বাড়বে এবং দেশটি মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দু থাকবে।
খ্রিস্টধর্মের কেন্দ্রবিন্দু ইউরোপ ও আমেরিকা থেকে সরে সাব-সাহারান আফ্রিকায় চলে যাবে বলে গবেষণায় উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ডিআর কঙ্গো হবে বৃহত্তম খ্রিস্টান দেশ।
ইউরোপে খ্রিস্টান জনসংখ্যা অর্ধেকে নেমে আসবে এবং ২০৬৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠতা হারাবে।
যুক্তরাজ্য, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ায় ‘কোনো ধর্মে বিশ্বাসী নয়’ এমন মানুষ সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে। তবে চীনের জনসংখ্যা হ্রাসের কারণে বিশ্বে ধর্মহীন মানুষের অনুপাত কমবে। এছাড়া চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বৌদ্ধ জনসংখ্যা অর্ধেকের বেশি কমে যাবে।
গবেষণাটিতে যুদ্ধ, মহামারি বা প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিশ্লেষণ করা হয়নি। তবুও এটি স্পষ্ট যে, ২০৭০ সালের পৃথিবীর ধর্মীয় মানচিত্র ধর্মান্তরের চেয়ে বরং জন্ম, মৃত্যু ও অভিবাসনের হিসাব-নিকাশেই বদলে যাবে।