EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

ব্রেন টিউমার মানেই কি ক্যানসার?

ডেইলি সান রিপোর্ট, স্বাস্থ্য

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ এএম

ব্রেন টিউমার মানেই কি ক্যানসার?
অ অ

‘ব্রেন টিউমার’ শব্দটি শুনলেই অনেকের মনে মৃত্যুভয় তৈরি হয়। তবে মস্তিষ্কে টিউমার হলেই তা ক্যানসার নয়। কিছু টিউমার বিনাইন বা ক্যানসারবিহীন। এগুলো ধীরে বাড়ে এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে না। আবার টিউমারের অবস্থান ও ধরন অনুযায়ী ঝুঁকিও ভিন্ন হতে পারে।

ভারতীয় নিউরোসার্জন ডা. নিশান্ত ইয়াগনিক ব্রেন টিউমার নিয়ে প্রচলিত কয়েকটি ভুল ধারণার ব্যাখ্যা দিয়েছেন। তাঁর বক্তব্যের আলোকে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়।

১. সব ব্রেন টিউমারই ক্যানসার নয়

টিউমার হলো শরীরের কোনো অংশে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। তবে সব টিউমার ক্যানসার নয়। ব্রেন টিউমারও বিনাইন বা ম্যালিগন্যান্ট—দুই ধরনের হতে পারে।

বিনাইন টিউমার ক্যানসার নয় এবং সাধারণত শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে না। এগুলো অনেক সময় ধীরে বাড়ে। অন্যদিকে, ম্যালিগন্যান্ট টিউমার ক্যানসারজাতীয় এবং তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে।

২. ব্রেন টিউমার থাকলেই লক্ষণ দেখা যায় না

মস্তিষ্কে টিউমার থাকলেও অনেকের দীর্ঘদিন কোনো লক্ষণ দেখা যায় না। ডা. ইয়াগনিকের মতে, মেনিনজিওমা মস্তিষ্কের পরিচিত প্রাথমিক টিউমারগুলোর একটি। এটি অনেক ক্ষেত্রে বিনাইন হয়।

মাথায় আঘাত, স্ট্রোক বা অন্য কোনো সমস্যার কারণে সিটি স্ক্যান কিংবা এমআরআই করাতে গিয়ে অনেকের শরীরে টিউমার ধরা পড়ে। টিউমার বড় হয়ে মস্তিষ্কের আশপাশের অংশে চাপ সৃষ্টি করলে লক্ষণ দেখা দিতে পারে।

৩. টিউমারের আকারের চেয়ে অবস্থান বেশি গুরুত্বপূর্ণ হতে পারে

ব্রেন টিউমারের ঝুঁকি শুধু এর আকারের ওপর নির্ভর করে না। মস্তিষ্কের কোন অংশে টিউমারটি রয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ।

মস্তিষ্কের বিভিন্ন অংশ কথা বলা, হাঁটাচলা, স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি ও শ্বাস-প্রশ্বাসের মতো গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। তাই তুলনামূলক ছোট টিউমারও সংবেদনশীল কোনো অংশে থাকলে গুরুতর সমস্যা তৈরি করতে পারে। আবার বড় টিউমার অপেক্ষাকৃত কম সংবেদনশীল স্থানে থাকলে লক্ষণ কম দেখা যেতে পারে।

৪. ব্রেন টিউমারের অস্ত্রোপচার মানেই বড় ঝুঁকি নয়

আধুনিক চিকিৎসা প্রযুক্তির কারণে ব্রেন টিউমারের অস্ত্রোপচারে অনেক অগ্রগতি হয়েছে। টিউমারের ধরন, অবস্থান ও রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এ ক্ষেত্রে নিউরোনাভিগেশন, ফাংশনাল ব্রেন ম্যাপিং, মাইক্রোসার্জারি ও এন্ডোস্কোপিক সার্জারির মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। কিছু ক্ষেত্রে অ্যাওয়েক ব্রেন সার্জারিও করা হয়। এতে অস্ত্রোপচারের সময় রোগীকে জাগিয়ে রেখে কথা বলানো হয়, যাতে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশের কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়।

তবে সব অস্ত্রোপচার সমান ঝুঁকির নয়। টিউমারের অবস্থান ও ধরন অনুযায়ী ঝুঁকি এবং সফলতার সম্ভাবনা ভিন্ন হতে পারে।

৫. পুরো টিউমার অপসারণ সব সময় জরুরি নয়

কিছু টিউমার মস্তিষ্কের সংবেদনশীল অংশে বা গুরুত্বপূর্ণ রক্তনালীর কাছাকাছি থাকে। সেসব ক্ষেত্রে পুরো টিউমার অপসারণ করতে গেলে রোগীর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই চিকিৎসকেরা কখনো কখনো টিউমারের একটি অংশ অপসারণ করেন।

এরপর রোগীর অবস্থা ও টিউমারের ধরন অনুযায়ী অবশিষ্ট অংশের চিকিৎসা করা হয়। এ ক্ষেত্রে গামা নাইফ রেডিওসার্জারি একটি পদ্ধতি। এটি নির্দিষ্ট স্থানে উচ্চমাত্রার বিকিরণ প্রয়োগ করে টিউমার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে এটি সবার জন্য উপযুক্ত নয় এবং টিউমারের বৃদ্ধি আজীবন বন্ধ থাকবে—এমন নিশ্চয়তাও নেই।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

কিছু লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। যেমন—

  •  দীর্ঘস্থায়ী বা তীব্র মাথাব্যথা, যা ক্রমেই বাড়ছে।
  • হঠাৎ খিঁচুনি দেখা দেওয়া।
  • শরীরের এক পাশের হাত বা পায়ে দুর্বলতা কিংবা অসাড়তা।
  • দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তিতে পরিবর্তন আসা।
  • কথা বলতে বা স্পষ্টভাবে উচ্চারণ করতে সমস্যা হওয়া।
  • স্মৃতিশক্তি কমে যাওয়া কিংবা আচরণ ও ব্যক্তিত্বে পরিবর্তন আসা।
  • হাঁটার সময় শরীরের ভারসাম্য রাখতে সমস্যা হওয়া।

এসব লক্ষণ দেখা দিলেই ব্রেন টিউমার হয়েছে, এমন নয়। অন্য কারণেও এমন সমস্যা হতে পারে। তবে নতুন করে খিঁচুনি, হঠাৎ দুর্বলতা বা দৃষ্টিশক্তির পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। প্রয়োজন অনুযায়ী নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন