EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

শরীরে ক্যানসারের যে ৭ লক্ষণ সবচেয়ে আগে ফুটে ওঠে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

শরীরে ক্যানসারের যে ৭ লক্ষণ সবচেয়ে আগে ফুটে ওঠে

প্রতীকী ছবি

অ অ

ক্যানসার শনাক্ত হওয়ার কথা শুনলেই অনেকের মনে মৃত্যুভয় তৈরি হয়। চিকিৎসাবিজ্ঞানের উন্নতি হলেও এ রোগের নাম শুনে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকে। তবে চিকিৎসকদের মতে, ক্যানসার সাধারণত রাতারাতি ছড়িয়ে পড়ে না। শরীরে ক্যানসারের কিছু প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে। এসব লক্ষণ সময়মতো শনাক্ত করতে পারলে সতর্ক হওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া সহজ হয়।

শরীরের সুস্থ কোষ হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে শুরু করলে টিউমার তৈরি হতে পারে। পরে তা ক্যানসারে রূপ নিতে পারে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মাস, এমনকি কয়েক বছরও লাগতে পারে। তাই ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে জানা জরুরি।

১. অকারণে ওজন কমে যাওয়া

শরীরচর্চা বা খাদ্যাভ্যাসে পরিবর্তন না এনেও তিন থেকে ছয় মাসের মধ্যে শরীরের ওজন ৫ শতাংশ বা তার বেশি কমে গেলে সতর্ক হওয়া প্রয়োজন। এটি ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

ক্যানসার কোষের বৃদ্ধির জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। এ কোষ শরীর থেকে সেই শক্তি শোষণ করতে থাকে। এ ছাড়া ক্যানসার কোষ থেকে সাইটোকাইন নামের প্রোটিন তৈরি হয়। এটি শরীরের বিপাকক্রিয়ার হার বাড়িয়ে দেয়। ফলে চর্বি ও পেশির দ্রুত ক্ষয় হতে পারে। অগ্ন্যাশয়, পাকস্থলী ও খাদ্যনালির ক্যানসারে এ ধরনের লক্ষণ বেশি দেখা যায়।

২. একটানা কাশি বা কণ্ঠস্বরের পরিবর্তন

সাধারণ সর্দি-কাশির ওষুধ খাওয়ার পরও কাশি তিন থেকে চার সপ্তাহের বেশি স্থায়ী হলে সতর্ক হওয়া প্রয়োজন। একইভাবে কণ্ঠস্বরের পরিবর্তনও অবহেলা করা উচিত নয়।

শ্বাসনালি, ফুসফুস বা গলার কোষে টিউমার তৈরি হলে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এটি ফুসফুস বা থাইরয়েড ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

৩. পেট ও মূত্রাশয়ের সমস্যা

দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন ডায়রিয়া, মলদ্বার দিয়ে রক্তপাত কিংবা প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে সতর্ক হওয়া জরুরি। প্রস্রাবের রঙে পরিবর্তনও অবহেলা করা উচিত নয়।

বৃহদন্ত্র বা কোলন, মলাশয় বা রেক্টাম এবং মূত্রাশয়ের ক্যানসারের প্রাথমিক পর্যায়ে এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে।

৪. ত্বকের রঙে পরিবর্তন

ত্বকের কোনো কালো তিল বা আঁচিলের আকৃতি হঠাৎ বড় হয়ে যাওয়া কিংবা রঙের পরিবর্তন উদ্বেগের কারণ হতে পারে। এ ছাড়া ত্বকে অকারণে জন্ডিসের মতো হলদেটে ভাব দেখা দিলেও সতর্ক হওয়া প্রয়োজন।

ত্বক, পিত্তথলি বা যকৃতের ক্যানসারের ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। ত্বকের মেলানোসাইট কোষের অস্বাভাবিক পরিবর্তনের কারণে রঞ্জক পদার্থের উৎপাদনেও অস্বাভাবিকতা দেখা দিতে পারে।

৫. ক্ষত না শুকানো ও অকারণে রক্তপাত

মুখের ভেতরে ঘা বা ত্বকের ক্ষত সহজে না শুকালে সতর্ক হওয়া প্রয়োজন। একইভাবে শরীরের কোনো স্থান থেকে অকারণে রক্তপাত হলেও বিষয়টি অবহেলা করা উচিত নয়।

কেটে বা ছড়ে যাওয়ার পর ক্ষত দীর্ঘদিনেও না শুকানো, মাড়ি বা নাক দিয়ে হঠাৎ রক্তপাত কিংবা শরীরের অন্য কোনো স্থান থেকে অস্বাভাবিক রক্তপাত ক্যানসারের লক্ষণ হতে পারে। রক্তের ক্যানসার, মুখের ক্যানসার ও জরায়ুর ক্যানসারে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে।

৬. খাবার গিলতে কষ্ট হওয়া

খাবার খাওয়ার সময় গলা বা বুকে আটকে যাওয়ার অনুভূতি হলে সতর্ক হওয়া প্রয়োজন। যেকোনো খাবার খাওয়ার পর গলা বা বুকে জ্বালাপোড়া এবং পেটে অস্বস্তিও অবহেলা করা উচিত নয়।

পাকস্থলী, পিত্তথলি ও অগ্ন্যাশয়ের ক্যানসারের ক্ষেত্রে এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে।

৭. রাতে অতিরিক্ত ঘাম হওয়া

রাতে ঘুমানোর সময় অতিরিক্ত ঘাম হওয়াও ক্যানসারের একটি সম্ভাব্য লক্ষণ। বিশেষ করে ঘুমের মধ্যে দরদর করে ঘাম হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

ক্যানসার কোষ তৈরি হলে শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। ক্যানসার কোষ থেকে তৈরি প্রোটিন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। লিম্ফোমা বা লসিকাতন্ত্রের ক্যানসার এবং লিউকেমিয়ার প্রাথমিক লক্ষণ হিসেবে রাতে অতিরিক্ত ঘাম দেখা দিতে পারে।

তবে এসব লক্ষণ দেখা দিলেই ক্যানসার হয়েছে, এমনটি ভাবার কারণ নেই। বিভিন্ন সাধারণ রোগের কারণেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হলে বা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন