EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের ভূমিকা প্রশংসনীয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের ভূমিকা প্রশংসনীয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

অ অ

চিকিৎসকদের দক্ষতা, প্রচেষ্টা ও মানবিক আচরণে দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বর্তমানে অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে। হাসপাতালের খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকরা অল্প সময়ে দক্ষতার সঙ্গে জটিল অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা দিচ্ছেন। এটি স্বাস্থ্য খাতের সক্ষমতার বড় প্রমাণ। চিকিৎসকদের দক্ষতা, সাহসিকতা ও রোগীদের প্রতি মানবিক আচরণ প্রশংসনীয়। 

তিনি আরও বলেন, তিনি চিকিৎসক না হলেও চিকিৎসকদের সম্মান করেন এবং তাদের জন্য কাজ করতে চান। কারণ, চিকিৎসকদের সহযোগিতা ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের কোনো উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়।

হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মেডিকেল ও সাধারণ বর্জ্য আলাদাভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে। প্রতিটি মানুষের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা চান তিনি।

একই দিনে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট অপারেটিভ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড ও বহির্বিভাগের উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন