হৃদরোগে বছরে ৩ লাখ মৃত্যু, সচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশে প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সচেতনতামূলক র্যালিতে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রতি বছর দেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হয়। হৃদরোগে মৃত্যুর এই ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।’
এবারের বিশ্ব হৃদরোগ দিবসের প্রতিপাদ্য ‘ডোন্ট মিস আ বিট’। দিবসটি উপলক্ষে কার্ডিয়াক সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও হৃদরোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে আয়োজকদের পক্ষ থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়। তাদের মতে, দৈনন্দিন জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার মাধ্যমে হৃদরোগের বিভিন্ন ঝুঁকি কমাতে সহায়তা করা সম্ভব।
অনুষ্ঠানে হৃদরোগীদের চিকিৎসাসেবায় বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি হৃদরোগ প্রতিরোধ ও ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আরও কার্যকর কর্মসূচি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।