২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশ কুষ্ঠের মতো সংক্রামক রোগের ঝুঁকিতে রয়েছে। তবে দেশের বৃহৎ জনসংখ্যাই দেশের শক্তি।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘এ লেপ্রসি-ফ্রি বাংলাদেশ: এভিডেন্স, চ্যালেঞ্জেস অ্যান্ড ব্লুপ্রিন্ট টু সাকসেস—জয়েন্ট মনিটরিং মিশন অন লেপ্রসি ইন বাংলাদেশ কিক-অফ মিটিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নানা সীমাবদ্ধতা ও জনসংখ্যার চাপের মধ্যেও দেশের চিকিৎসকেরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। কুষ্ঠসহ বিভিন্ন রোগ মোকাবিলায় তাদের অবদানের প্রশংসা করেন তিনি।
কুষ্ঠ নির্মূলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের সহযোগিতার প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কুষ্ঠ নির্মূলে এনজিও অংশীদারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতে তাদের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে ডা. শাহ আলী আকবর আশরাফী, ডা. রাজেশ নারওয়াল, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, প্রফেসর ডা. তাকাহিরো নানরী, শেখ মোমেনা মনি, ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ, ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ ও ডা. মাহবুব আরেফিন রেজানুর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আফসানা আলমগীর খান, ডা. আয়া ইয়াজিমা ও ডা. ভিভেক লাল।